বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চার স্কুলছাত্রসহ নিহত ৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার স্কুলছাত্রসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিতে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্র তাদের অভিভাবকসহ টেম্পোতে করে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। এ সময় বগুড়া-রংপুর মহাসড়কে রংপুরগামী একটি বাসের সঙ্গে টেম্পোটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অষ্টম শ্রেণীর ছাত্র ফরিদুল ইসলাম, দেলবর হোসেন ও বাদশা মিয়া মারা যায়। আহতদের গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান লিটন (১০) নামে আরও দুজন মারা যায়। আহত ছাত্রদের অবস্থাও গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।