রাজশাহী বিভাগের আটটি জেলায় আজ রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা আধাবেলার হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে বগুড়ায় একটি ট্রাকে আগুন এবং সিরাজগঞ্জে অটোরিকশা ভাঙচুর করেছেন হরতালকারীরা।জামায়াতের রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল হাশেমকে গ্রেপ্তার এবং চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গুলিতে শিবিরকর্মী আজাহার নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।বগুড়া: সকাল থেকেই শহরের কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেন হরতালকারীরা। সকাল সাড়ে নয়টার দিকে বগুড়ার বাইপাস সড়কে বগুড়া ফিলিং স্টেশনের সামনে তরমুজবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন হরতাল-সমর্থকেরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছেন।সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দেওয়া হলেও সিরাজগঞ্জে যমুনা সেতুর পর থেকে বিভিন্ন স্থানে দফায় দফায় পত্রিকাবাহী গাড়ি আটকে দেন পিকেটাররা। এ কারণে বেলা ১১টা পর্যন্ত বগুড়া শহরে কোনো সংবাদপত্রের গাড়ি ঢুকতে পারেনি। সিরাজগঞ্জ: হরতালের সমর্থনে সকাল সাতটার দিকে শহরের সমাজকল্যাণ মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পরে পুলিশ সেখানে গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি অটোরিকশা ভাঙচুর করেন হরতালকারীরা।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্ত ছিল।হরতালে সকাল থেকে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও আন্তজেলা রুটের কোনো বাস ছেড়ে যায়নি।