র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ অপারেশন টিম গতকাল রোববার রাতে বরগুনা জেলার পাথরঘাটার বিএফডিসি এলাকার এক হোগলা বন থেকে আটটি দেশি পাইপগান, পাঁচটি গুলি, দুটি তাজা ও চারটি ব্ল্যাংক কার্তুজ এবং ছয়টি রামদা উদ্ধার করেছে।রোববার রাত সোয়া আটটার দিকে র্যাব-৮-এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক লে. (অব.) বি এন মো. মহিউদ্দিন মজুমদার এক প্রেস বিফিংয়ে জানান, গত ২৪ জানুয়ারি রাতে ওই এলাকায় কোস্ট গার্ড ও জলদস্যুদের মধ্যে এক বন্দুক যুদ্ধে কোস্ট গার্ডের একজন সদস্য প্রাণ হারান। এ ছাড়া র্যাবের বিশেষ অপারেশন দল গোপন সূত্রে খবর পায়, সুন্দরবনের কুখ্যাত জাহাঙ্গীর গ্রুপ ডাকাতির কাজে ব্যবহূত অস্ত্রশস্ত্র একটি নির্জন স্থানে লুকিয়ে রেখেছে। এ সূত্র ধরে তারা ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পাথরঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং জলদস্যুদের গ্রেপ্তারের জন্য র্যাব অভিযান চালিয়ে যাচ্ছে।