ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর রাতে কানিজ আক্তার ওরফে বাঁধন লাঞ্ছিত হওয়ার ঘটনায় ফজলুল হক ওরফে রাসেলসহ তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া অন্য দুজন হলেন মেজবাহুল আলম ওরফে টুটুল ও চন্দন কুমার ঘোষ।মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায় উচ্ছৃঙ্খল ছাত্ররা বাঁধনকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ২০০০ সালের ৬ জানুয়ারি বাঁধন বাদী হয়ে রমনা থানায় এ মামলা দায়ের করেন। ওই বছরের ১৪ মে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ফজলুল হক, মেজবাহুল আলম ও চন্দন কুমার ঘোষের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।এ মামলায় ২৪ জনকে সাক্ষী করা হয়। আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রত্যেককে বেকসুর খালাস দেন আদালত।