প্রথম আলোর অনলাইনে প্রকাশিত 'বিজিএমইএ ভবনের সামনে পোশাকশ্রমিকদের অবস্থান' শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছে পদ্মা পলি কটন নিট ফেব্রিক্স লিমিটেড। প্রতিবাদপত্রে তারা জানিয়েছে, কারখানার সুইং সেকশনের কয়েকজন উচ্ছৃঙ্খল শ্রমিকের অবৈধ ধর্মঘট ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী পোশাক কারখানার সুইং সেকশনের কার্যক্রম আজ সোমবার (৪ অক্টোবর, ২০১০) থেকে বন্ধ ঘোষণা করা হয়।প্রতিবাদলিপিতে আরও জানানো হয়, কারখানার কোনো শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা বকেয়া নেই। গত ২ সেপ্টেম্বর ঈদুল ফিতরের বোনাস ও ৮ সেপ্টেম্বর আগস্ট মাসের বেতন-ভাতা সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে। প্রতিবেদকের বক্তব্য: কারখানার কিছু শ্রমিকের রাস্তায় অবস্থানের বিষয়টি নিয়ে প্রতিবাদপত্রে কিছু বলা হয়নি। আর বেতন-বোনাস পাওনা থাকার বিষয়টি জানিয়েছিলেন ক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। তবে এ বিষয়টি নিয়ে পদ্মা পলি কটন নিট ফেব্রিক্স লিমিটেড কতর্পক্ষের সঙ্গে কথা বলা হয়নি। এ জন্য আমরা দুঃখিত।