তৈরি পোশাকমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ বিএনপির ডাকা আগামীকালের হরতাল প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছে। আজ শনিবার বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবদুস সালাম মুর্শেদী এ অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে সালাম মুর্শেদী বলেন, পবিত্র ঈদুল আজহার আগে আর মাত্র দুই দিন পোশাক কারখানা খোলা থাকবে। এ সময়ের মধ্যেই পোশাকশ্রমিকদের বেতন-ভাতা ও পাওনা দিতে হবে। তিনি বলেন, অনেক শ্রমিক ঈদে বাড়ি যাওয়ার জন্য কষ্ট করে টিকিট সংগ্রহ করেছেন। হরতাল থাকলে বেতন-ভাতা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। এখন তাঁরা বেতন-ভাতা না পেলে ঈদের আনন্দ মাটি হয়ে যাবে। এসব বিবেচনায় নিয়ে তিনি হরতাল প্রত্যাহারের জন্য বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান।