ভবিষ্যতে রেলওয়ের যাত্রীসেবায় উন্নতি হবে: যোগাযোগমন্ত্রী

যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, আগামী বছর নাগাদ রেলওয়ের যাত্রীসেবায় লক্ষণীয় উন্নতি হবে। আজ রোববার তিনি হঠাত্ করেই কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে যাত্রীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। খবর: বাসস।মন্ত্রী সকাল সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত রেলস্টেশনের টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম ও বিশ্রামাগার পরিদর্শন করেন। তিনি এ সময় ঈদ শেষে রাজধানীতে ফিরে আসা যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় একজন যাত্রী টিকিট পাননি বলে মন্ত্রীকে অভিযোগ করলে তিনি রেলকর্মকর্তাদের তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন।যাত্রীরা রেলস্টেশন ব্যবস্থাপনা ও ট্রেনের সময়সূচি যথাযথ অনুসরণে মন্ত্রীকে কঠোর নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান। এ সময় মন্ত্রী রেলস্টেশন নিয়মিত আকস্মিক পরিদর্শনে আসবেন বলে তাঁদের আশ্বস্ত করেন।