বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকার যে চুক্তি করেছে তা জাতির জন্য অকল্যাণকর ও অপমানজনক। বিএনপির দ্বিতীয় দিনের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আজ রোববার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন আজ কাকরাইল এলাকায় লিফলেট বিতরণ করেন। বিএনপির গণমিছিল সম্পর্কে তিনি বলেন, ‘আশা করি সরকার এ কর্মসূচিতে কোনো বাধা দেবে না। তবে বাধা দিলে পরে এ ব্যাপারে করণীয় নির্ধারণ করা হবে।’