আজ ভারতে শুরু হয়েছে ১৫তম আদমশুমারি। প্রতি ১০ বছর অন্তর শুরু হওয়া এই আদমশুমারি আজ বৃহস্পতিবার উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। প্রায় ২৫ লাখ গণনাকারী মানুষের ছবি ও আঙুলের ছাপসহ বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। এই তথ্য-উপাত্তগুলো দিয়ে এবারই প্রথম জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।এপি জানায়, পরবর্তী ছয় মাসে গণনাকারীরা জাতীয়ভাবে তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য পাঁচ হাজার শহরসহ প্রায় ছয় লাখ ৩০ হাজার গ্রামে যাবেন।গণনাকারীরা জনগণের খাবার পানি, বিদ্যুত্, গৃহনির্মাণের কৌশলসহ সবকিছুর তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। ভাসমান মানুষ যারা প্লাটফর্ম, সেতু এবং পার্কে আশ্রয় নেয়, তাদেরও এই আদমশুমারির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম জানান, ১ দশমিক ২ বিলিয়ন মানুষকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার এই উদ্যোগ ভারতের ইতিহাসে প্রথম।গণনাকারীরা এই কাজ ২০১১ সালের ফেব্রুয়ারির মধ্যেই শেষ করবেন।