মাগুরার মহম্মদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে বজ্রপাতে এক দম্পতির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ভাসান সর্দার (৪২) ও তাঁর স্ত্রী রোকেয়া বেগম (৩৫)। আহত হয়েছে তাঁদের দুই সন্তান। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় উপজেলার বালিদিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে বৃষ্টি শুরু হয়। এ সময় ভাসান ও রোকেয়া সন্তানদের নিয়ে তাঁদের ঘরের বারান্দায় বসে ছিলেন। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। আহত হয় তাঁদের দুই সন্তান মমতাজ (১৪) ও মুসা (৪)। মুসার অবস্থা গুরুতর হওয়ায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।