প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছচাষিদের কাছে সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে মৎস্যজীবী কার্ড দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আজ বুধবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১০’-এর উদ্বোধন ও জাতীয় মৎস্য পুরস্কার দেওয়ার সময় তিনি এ নির্দেশ দেন। মৎস্য খাতকে বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় সর্বোচ্চ খাত উল্লেখ করে প্রধানমন্ত্রী এ খাতকে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি মৎস্য ও মৎস্যজাত পণ্য, বিশেষ করে চিংড়ি রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের কথা উল্লেখ করে বলেন, মানসম্পন্ন চিংড়ি ও মৎস্যজাত পণ্য উৎপাদনের জন্য এরই মধ্যে মৎস্য-পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যক্রমকে জোরদার করা হয়েছে।এ সময় প্রধানমন্ত্রী মৎস্য উৎপাদনের পাশাপাশি মুক্তা, ঝিনুক ও শামুক চাষের ওপর গুরুত্বারোপ করেন। বাসসমৎস্য খাতের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বছর মৎস্য উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা ২৯ লাখ মেট্রিক টন অর্জন করতে হবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক।