মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আজ মঙ্গলবার ভোরে গণপিটুনিতে একজন ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতের নাম চঞ্চল।জানা যায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে সাটুরিয়া বাজার থেকে টেম্পোতে কয়েকজন যাত্রী ঢাকা-আরিচা মহাসড়কের গোলোরায় যাওয়ার পথে সাটুরিয়ার কামতা এলাকায় সাত-আটজন ডাকাত তাদের গতিরোধ করে। এ সময় ডাকাতেরা যাত্রীদের মালামাল, নগদ অর্থ, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যাত্রীদের চিত্কারে পথচারীসহ আশপাশের লোকজন ছুটে এসে চঞ্চল ও জয়নাল নামে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে সাটুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় চঞ্চল ও জয়নালকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিত্সকরা চঞ্চলকে মৃত ঘোষণা করেন। জয়নালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা।সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।