মার্কিন নাগরিকদের জন্য ভারত ভ্রমণে সতর্কতা জারি

যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য আসন্ন অবকাশ মৌসুমে ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল মঙ্গলবার এ বিষয়ে সতর্কতা জারি করে একটি বিবৃতি দিয়েছে। খবর পিটিআইয়ের।ওই বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় অবকাশ মৌসুমে ভারত ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করা হচ্ছে। ভারত সরকারের পরামর্শ ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে মার্কিন সরকার এ সতর্কতা জারি করেছে। সতর্কতা বার্তায় ভারতে ভ্রমণ বা বাস করার ক্ষেত্রে মার্কিন নাগরিকদের নিজস্ব নিরাপত্তার ব্যাপারে সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে। এতে বলা হয়েছে মার্কেট, ট্রেন, বাস, ধর্মীয় স্থান, হোটেল ও রেস্টুরেন্ট সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পরে।