মাল্টিপ্ল্যান সেন্টারের আগুন নিভেছে (ভিডিও)

রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের কয়েকটি তলায় আজ শনিবার সকালে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের কর্মীদের চেষ্টায় এ আগুন নেভে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই ১০তলা ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লাগে। সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত নিরাপত্তা-কর্মী ও আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। ভবনের ভেতরে ও ছাদে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।