গোপালগঞ্জে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুল ইসলাম মোল্লা এ পরোয়ানা জারি করেন। আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় ‘যুদ্ধাপরাধীদের তালিকায় আওয়ামী লীগের শীর্ষ নেতা ও স্বজনরা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এতে সংক্ষুব্ধ হয়ে গোপালগঞ্জ জজ আদালতের আইনজীবী ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি দেলোয়ার হোসেন সরদার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক মো. হাসমত আলী ও সম্পাদক মাহমুদুর রহমানসহ আটজনকে আসামি করে একটি মামলা করেন।এ বছরের ২৭ জানুয়ারি মামলার আসামি দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক মো. হাসমত আলী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুব হোসেন সারমাত ও দৈনিক সমকালের প্রতিনিধি মনোজ সাহাকে বাদ দিয়ে পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করে। আজ মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ছিল। বাদী পক্ষের আইনজীবী প্রদত্ত অভিযোগপত্রের ওপর না-রাজির আবেদন করেন। আদালত আইনজীবীর না-রাজির আবেদন খারিজ করে অনুপস্থিত আসামি সম্পাদক মাহমুদুর রহমান, কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, দৈনিক ডেসটিনির কোটালীপাড়া প্রতিনিধি মেহেদী হাসনাত ও জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর শেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।