পদ্মা সেতু প্রকল্প দুর্নীতির মামলার আসামি সেতু বিভাগের সাবেক সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে এক আদেশ জারি করেছে। সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার সম্পর্কে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওই মামলা এখনো শুরু হয়নি, অভিযোগপত্রও দেওয়া হয়নি। এ জন্য আইনি কোনো ঝামেলা না থাকায় বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।’গত বছরের ২৬ ডিসেম্বর মোশাররফ হোসেন আটক হয়েছিলেন। পরে জানুয়ারিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে আছেন।