রাজধানীতে হেলে পড়া এবং রাজউকের অনুমোদনবিহীন দুটি ভবন ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে পূর্ব নাখালপাড়া সমিতি বাজারের হেলে পড়া পাঁচতলা অবৈধ ইমারতটি ভাঙা শুরু হয়। ভবনটি উত্তর-পশ্চিম দিকে হেলে পার্শ্ববর্তী মাদ্রাসার দিকে হেলে যাওয়ায় এবং কোনো ধরনের নকশা ও রাজউকের অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করার অভিযোগে রাজউক ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। আজ রাজউকের ৩০ জন এবং ভবনের মালিক পক্ষের ৫০ জন শ্রমিক এ ভবনটি ভাঙার কাজ শুরু করে। পুরো ভবনটি ভাঙতে প্রায় এক মাস সময় লেগে যাবে। এদিকে আজ দুপুর ১২টার দিকে ১১ নম্বর শান্তিনগরের একটি ভবনের নকশা-বহির্ভূত অংশ ভাঙার কাজ শুরু করেছে রাজউক। রাজউকের একটি দল কয়েকজন শ্রমিক নিয়ে এ ভবন ভাঙার কাজ শুরু করেন। ছয়তলা অনুমোদন নিয়ে ভবনটি তিনতলা পর্যন্ত নির্মাণ করলেও নকশা-বহির্ভূতভাবে নির্দিষ্ট জায়গার চার ফুট অতিরিক্ত জায়গাজুড়ে ভবনটি নির্মাণ করার অভিযোগে রাজউক এ ভবনটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে।