প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) হবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে একটি নতুন যুগের সূচনা। এটি অংশীদারত্বের এক নতুন রূপ, যেখানে সরকারও ঝুঁকির সমান অংশীদার হবে। এ লক্ষ্যে আমরা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছি, যা সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নের লক্ষ্য অর্জনে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক হবে।’আজ শুক্রবার রূপসী বাংলা হোটেলে ‘পিপিপি গ্লোবাল¬ ইনভেস্টরস ফোরাম : বাংলাদেশ ২০১২’-এর দুই দিনব্যাপী সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন পিপিপি অফিস ও বিনিয়োগ বোর্ড যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। খবর বাসসের।প্রধানমন্ত্রী বেসরকারি খাতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সরকার দেশের অগ্রগতির ধারা বেগবান করতে ও জনগণকে আরও বেশি সেবা দিতে এ খাতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে রয়েছে একটি গতিশীল বেসরকারি খাত, যারা সৃষ্টিশীলতা, খাপ খাওয়ানো ও ঝুঁকি মোকাবিলায় দক্ষ হিসেবে বিশ্বের স্বীকৃতি অর্জন করেছে। তাই এ খাতকে আরও বেগবান করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদের সভাপতিত্বে এতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন, এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো, বাংলাদেশ, ভুটান ও নেপালে আইএফসির কান্ট্রি ম্যানেজার কাইল এফ খেলোফার, বাংলাদেশে আইডিবির প্রতিনিধি ইকবাল করিম, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ ও জাপানি রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বক্তব্য দেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান স্বাগত বক্তব্য দেন ও পিপিপি কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এ এইচ উদ্দিন ধন্যবাদ জানান।