প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার ছয় মাস পর আনুষ্ঠানিকভাবে সরকারি করা হলো দেশের ২২ হাজার ৯২৫টি এমপিওভুক্ত নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ বুধবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন।মন্ত্রী বলেন, এসব বিদ্যালয়ের প্রায় ৯০ হাজার শিক্ষককে সরকারীকরণের কাজ আগামী দেড় মাসের মধ্যে শেষ করা হবে। এরপর দ্বিতীয় ধাপে দুই হাজার ২৫২টি এমপিও-বহির্ভূত বিদ্যালয় সরকারীকরণ করা হবে। তৃতীয় ধাপে নিবন্ধনের অপেক্ষাধীন ৯৬০টি বিদ্যালয় সরকারীকরণ করা হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম।গত ৯ জানুয়ারি রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে শিক্ষক সমাবেশে দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারীকরণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।