জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো জবানবন্দি দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিকালে তিনি সাঈদীর বিরুদ্ধে পিরোজপুর, খুলনা ও ঢাকার বিভিন্ন থানায় থাকা ১৭টি মামলার নথি উপস্থাপন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিবরণকালে ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ আলামত হিসেবে প্রদর্শন করেন।এরপর ট্রাইব্যুনালে ৭ মার্চের ভাষণটি মাল্টিমিডিয়া প্রজেক্টরে দেখানো হয়। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ সকাল সাড়ে ১০টায় বিচারকাজ শুরু হয়। সকাল ১০টার দিকে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।