সাভার পৌরসভার মেয়র মো. রেফাতউল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান আজ বৃহস্পতিবার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন। সচিব জানান, সাভারে ধসে পড়া রানা প্লাজার নকশা অনুমোদন প্রক্রিয়ায় অনিয়ম ও ভবনে ফাটল ধরার পর যথাযথ ব্যবস্থা নিতে পৌরসভার ব্যর্থতার অভিযোগে মেয়র রেফাতউল্লাহর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এ অভিযোগের বিষয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। গত ২৪ এপ্রিল সাভারে নয় তলা রানা প্লাজা ধসে পড়ে। এতে এ পর্যন্ত চার শতাধিক লোকের মৃত্যু হয়েছে।