সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ (ভিডিও)

সিরাজগঞ্জে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল চলছে। সকালে শহরের কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে হরতালের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ছয়জন আহত হন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, সকাল আটটার দিকে শহরের চামড়াপট্টি, রেলগেট ও বাজারস্টেশন এলাকার বিভিন্ন গলি থেকে বিএনপি-জামায়াতের কর্মীরা হরতালের সমর্থনে পিকেটিং শুরু করেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে তাঁরা ইটপাটকেল ছোড়েন। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ছোড়ে। অর্ধশতাধিক কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ছোড়া হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।