সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৫

সিরিয়ার রাস্তান শহরে গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত নিরাপত্তা বাহিনী গত রোববার থেকে রাস্তান শহরে অবস্থান করছে এবং গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের হত্যা করছে। মানবাধিকারকর্মীরা দাবি করেছেন, নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত সেখানে প্রায় ৫০ জন সাধারণ নাগরিককে হত্যা করেছে।এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিককর্মীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে বিরোধীরা প্রেসিডেন্টের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে তাঁর পদত্যাগ দাবি করছেন। মানবাধিকারকর্মীদের দাবি, সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত এক হাজার ১১৩ জন ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া কয়েক হাজার গণতন্ত্রপন্থীকে সরকার গ্রেপ্তার করেছে।