নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার পেচাইন গ্রামে সন্ত্রাসীরা কুপিয়ে আল আমিন নামের দুই যুবককে হত্যা করে। অন্যদিকে রূপনগর গ্রামে গণপিটুনিতে ফরিদ ও ফারুক নামের দুই ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজন ডাকাতসহ ছয়জনকে আটক করেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী প্রথম আলো অনলাইনকে জানান, উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন গ্রামে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ওই গ্রামের টুকু মিয়ার ছেলে আল আমিন (২৪) ও ফজল মিয়ার ছেলে মো. আল আমিনকে (২২) গতকাল মধ্যরাতে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাতেই পুলিশ ওই গ্রামের মোতালেব, কাদির, আহসান উল্লাহ, মোজাম্মেলকে (২৩) আটক করেছে।অন্যদিকে উপজেলার রূপনগর গ্রামে প্রবাসী মহিউদ্দিনের বাড়িতে ১৫-২০ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় এলাকাবাসী চার ডাকাতকে গণপিটুনি দিয়ে আটক করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে ফরিদ ও ফারুক মারা যান। আর আনোয়ার (২১) ও সেকান্দার (৩০) চিকিত্সাধীন।ওসি ইউনুস আলী জানান, থানায় এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।