ভারতের হিমাচল প্রদেশে প্রচণ্ড তুষারপাতে রাস্তাঘাটে আটকা পড়েছে প্রায় ১০ হাজার গাড়ি। বন্ধ হয়ে গেছে বেশির ভাগ রাস্তাঘাট। এর মধ্যে প্রায় ১৮৫টি মহাসড়ক রয়েছে। আজ সোমবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানানো হয়।বিদ্যুত্ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় তুষারকবলিত লাহউল-স্পিটি, কিন্নর, চাম্বা, কুল্লু ও শিমলা জেলার শতাধিক গ্রাম এখনো অন্ধকারে রয়েছে।সরকারি এক কর্মকর্তা জানান, প্রচণ্ড তুষারপাতে কুল্লু-মানালি মহাসড়ক বন্ধ হয়ে পড়েছে। তাই পর্যটক এলাকা মানালি যাওয়ার পথে পর্যটকদের পাতলিখুল থেকে ২০ কিলোমিটার পথ হেঁটে যেতে হচ্ছে।শিমলা, মানালি ও দালহৌসির মতো পর্যটন শহরের রাস্তাঘাট বরফে ঢেকে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত এ বরফ সরাতে ব্যর্থ হয়েছে।এদিকে তুষারপাতজনিত দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। কিনাউর জেলার পানগি গ্রামে বরফে আচ্ছাদিত একটি গাছ ঘরের ওপর পড়ায় মা ও ছেলে নিহত হন। অন্যদিকে শনিবার চাম্বা জেলার কিলার তেহশিল গ্রামে বরফ থেকে পিছলে পড়ে একজন মারা গেছে।