বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট তাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে মাসব্যাপী ‘নিরীহ’ কর্মসূচি ঘোষণা করেছে। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম জোটের এ কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচির মধ্যে রয়েছে: ১৮ দলের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ৬ ফেব্রুয়ারি সব জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান, ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ সব ধরনের গুম, খুন ও অপহরণের প্রতিবাদে ১১ ফেব্রুয়ারি জেলা-উপজেলায় কালো পতাকা মিছিল, ১৮ ফেব্রুয়ারি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান, মহাজোট সরকারের দুর্নীতির প্রতিবাদে ২৩, ২৫ ও ২৭ ফেব্রুয়ারি জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।এ ছাড়া বিএনপির দুটি নিজস্ব কর্মসূচির ঘোষণাও দেন তরিকুল ইসলাম। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বিএনপির কাউন্সিল উপলক্ষে সব জেলায় বর্ধিত সভা হবে। আর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিএনপির নিজস্ব কর্মসূচি থাকবে। তিনি জানান, এ সময় বিএনপির চেয়ারপারসন কয়েকটি জেলায় জনসভা করবেন। তবে কোন কোন জেলায় তিনি জনসভা করবেন, এ ব্যাপারে তিনি কিছু জানাননি।
তরিকুল বলেন, এসএসসি পরীক্ষা চলছে। সব পরিবারেই এই পরীক্ষা নিয়ে আবেগ থাকে। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি আছে। সব মিলিয়ে ১৮ দল নিরুত্তাপ ও নিরীহ কর্মসূচি ঘোষণা করেছে। তবে সরকার বাধ্য করলে অবশ্যই কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে, সে সিদ্ধান্ত আছে।