চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৮ জুন জাতীয় সংসদ ভবন ঘেরাও করবে। আজ বিকেলে পুরানা পল্টনে এক বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন। দলের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল, রাষ্ট্রধর্ম ইসলাম ও সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা সংযোজন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার তাঁদের দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় মহানগর নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররমের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল করে বায়তুল মোকাররমে উত্তর গেটে সমাবেশ শেষ করে।