নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘সিরাজ স্বর্ণের দোকান’ নামের একটি দোকান থেকে ৬৫ ভরি স্বর্ণালংকারসহ সিন্দুক ডাকাতেরা লুট করেছে বলে দাবি করেছেন দোকানের মালিক। আজ সোমবার ভোরে উপজেলার সিদ্ধিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নিরাপত্তা প্রহরীকে মারধর করে ও হাত-পা বেঁধে ওই দোকানে এ ডাকাতি করে।দোকানের মালিক মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। আজ সকালে ডাকাতির খবর পান। তিনি এসে বাজারের নিরাপত্তা প্রহরী আবদুল মোতালেবকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। আবদুল মোতালেবের উদ্ধৃতি দিয়ে সিরাজুল জানান, আজ ভোরে ১০-১২ জন মুখোশধারী ডাকাত বাজারে হানা দেয়। ডাকাতেরা দোকানের তালা ভেঙে ভেতরে গিয়ে সিন্দুকের ভেতরে রাখা ৬৫ ভরি সোনা, ২০০ ভরি রুপা ও নগদ ৯২ হাজার টাকাসহ সিন্দুকটিও পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, এ ব্যাপারে দোকানের মালিক বাদী হয়ে মামলা করেছেন।