কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু

কিশোরগঞ্জে আজ বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। শ্রমিকদের হাতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা অপদস্থ ও অপমানিত হওয়ার প্রতিবাদে সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে। পূর্ব ঘোষণা ছাড়া আহূত এ ধর্মঘটে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।ভুক্তভোগীরা জানায়, সকাল থেকে কিশোরগঞ্জ শহরের গাইতাল, বত্রিশ ও নগুয়া বাসস্ট্যান্ড থেকে রাজধানীসহ দেশের কোনো গন্তব্যের উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। একই সঙ্গে সতাল ও নিউ টাউন বাসস্ট্যান্ড থেকে জেলার ভেতরের রুটগুলোতেও বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা প্রশাসক মো. শাহ কামাল প্রথম আলোকে বলেন, আকস্মিক বাস ধর্মঘটের কারণে কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে। এ সমস্যা সমাধানে ইতিমধ্যে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুপুরে মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের নিয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি বৈঠক ডাকা হয়েছে।