
আজব এক ময়না পাখির গল্প আমাদের শুনিয়েছেন শাহাদুজ্জামান, মামলায় সাক্ষী দেওয়াই যার কাজ। লোকগল্পের সারল্য আর আধুনিক গল্পের নিরীক্ষা—এই দুই মিলে তৈরি হয়েছে স্বতন্ত্র এক ভুবন, যে ভুবনে কখনো কখনো দেয়াল ভেঙে ঢুকে পড়ে কবিতা, প্রবন্ধ বা দর্শনের উপাদান।
বাংলা মননশীল কথাসাহিত্যের বিশিষ্ট এক নাম শাহাদুজ্জামান। তাঁর গল্পভুবনের সর্বশেষ সংযোজন ‘মামলার সাক্ষী ময়না পাখি’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্রথমা। সম্প্রতি বাজারে এসেছে বইটির সপ্তম মুদ্রণ।
‘মামলার সাক্ষী ময়না পাখি’ বইয়ে গল্প আছে মোট ১১টি: ‘জনৈক স্তন্যপায়ী প্রাণী যিনি গল্প লেখেন’, ‘মৃত্যু সম্পর্কে আমার অবস্থান খুব পরিষ্কার’, ‘টুকরো রোদের মতো খাম’, ‘চিন্তাশীল প্রবীণ বানর’, ‘পৃথিবীতে হয়তো বৃহস্পতিবার’, ‘উবার’, ‘অপসৃয়মাণ তির’, ‘ওয়ানওয়ে টিকেট’, ‘লবঙ্গের বঙ্গ ফেলে’, ‘মামলার সাক্ষী ময়না পাখি’ ও ‘নাজুক মানুষের সংলাপ’। গল্পগুলোর কোনোটির নায়ক এক স্তন্যপায়ী প্রাণী, যিনি জানেন যে নকল গল্পের পৃথিবীতেও আসল–নকল আছে। গল্পের পাঠক-পাঠিকাদের ভেতরেও আছে আসল–নকল। আবার কোনোটির বিষয় ফাঁসির আসামির জীবনের শেষ চিঠি, যার একটা কথার মাঝেই লুকায়িত আছে সত্যিকারের মুক্তি। অথবা কোনো গল্প এমন একজনকে নিয়ে, মৃত্যু সম্পর্কে যার অবস্থান খুব পরিষ্কার। কখনো চিন্তাশীল প্রবীণ বানর বা বোধিপ্রাপ্ত উবারচালক, কখনো হরিণের মতো কোনো নারী, অপস্রিয়মাণ তিরের দিকে তাকিয়ে থাকা কোনো যুগল বা ওয়ানওয়ে টিকিট হাতে কোনো বেকুব হয়ে ওঠে নায়ক। কোনো গল্প প্রতারণার, কোনোটি প্রেমের। আর প্রতিটি গল্পের শরীরে বয়ে গেছে সমসময়ের গভীর উত্কণ্ঠা।
শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে ঢাকায়। আমস্টারডাম বিশ্ববিদ্যালয় থেকে চিকিত্সা নৃবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন। বর্তমানে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। গল্প, উপন্যাস ছাড়াও প্রবন্ধ, অনুবাদ, ভ্রমণ এবং গবেষণার ক্ষেত্রে রয়েছে তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্স আয়োজিত কথাসাহিত্যের পাণ্ডুলিপি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে প্রকাশিত হয় শাহাদুজ্জামানের প্রথম গল্পগ্রন্থ ‘কয়েকটি বিহ্বল গল্প’ (১৯৯৬)। ‘মামলার সাক্ষী ময়না পাখি’ বইটি অর্জন করে ‘প্রথম আলো বর্ষসেরা বই–১৪২৫’ সম্মান। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০১৬ সালের বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন শাহাদুজ্জামান।
‘মামলার সাক্ষী ময়না পাখি’ বইটির মুদ্রিত মূল্য ২৪০ টাকা। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। বইটি পাওয়া যাচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে prothoma.com থেকে অর্ডার করতে পারেন। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।