জানোয়ার হিসেবে জানোয়ার নিয়ে লেখার বছর

লেখকের স্বপ্ন লেখালেখি করা, লেখকের দুঃস্বপ্নও ওই একই—লেখালেখি। স্বপ্নটা থাকে কেবল লেখার পরিকল্পনার বেলায়। অর্থাৎ আমার ক্ষেত্রে লেখার নোট টুকতে থাকার সময়ে। তারপরের পুরোটাই কিন্তু দুঃস্বপ্ন। ব্যস্ত দিনের শেষে রাতে সাদা কাগজের সামনে কলম নিয়ে বসো, এরপর যা লিখছ, তার ষাট ভাগ ছেঁড়ো আর শেষমেশ আগের ওই টুকে রাখা অসংখ্য কাগজ ও রেফারেন্স বইয়ের পাহাড়ে চোখ রেখে নিজেকে গালি দাও। বলো যে, ‘হে শূকরছানা, তোমার কলম থেকে আজ রাতে বাতিল মাল ছাড়া আর কিছুই বেরোবে না!’ হঠাৎ আমার নিজেকে গালি দেওয়ার জন্য এই জন্তুকে বেছে নেওয়ার কারণ বুঝতে আপনার এ লেখাটা পুরো পড়তে হবে।

আগে বলি, উপন্যাস লেখার কথা ভাবলে এই যে গায়ে-গতরে অমন খাটুনির ব্যাপারটা আতঙ্ক হয়ে মাথায় চড়ে বসে, সেটা নিয়ে। এ বিষয়ে আন্তন চেখভ তাঁর এক চিঠিতে লিখেছিলেন, ‘গল্প লেখা উচিত কবরের মাঝখানে টুল পেতে পা ছড়িয়ে বসে। মৃত্যুর সমান কঠিন কাজ ভালো গল্প লেখা... তাই আমি চাই লেখার টুলটা থাকবে কবরে আর লাইব্রেরিগুলো থাকবে গোরস্তানজুড়ে বহুবর্ণ ক্যামোমাইল ফুল হয়ে।’

তো, এই এক ভয়ডর কাটিয়ে আমি এবারের বইমেলা শেষ হলেই শুরু করতে চাই আমার পঞ্চম উপন্যাস মেইন কুন-এর আসল কাজ। ছোট আকারে এটা বেরিয়েছিল গত বছর ঈদসংখ্যা সমকাল-এ। কথা ছিল এবারের মেলায় সুদীর্ঘ এই বিকট উপন্যাস আসবে। কিন্তু আমি বুঝলাম জানোয়ার–জগৎবিষয়ক পড়াশোনায় আমার এখনো ঘাটতি রয়ে গেছে বেশ। বিড়ালের এক হিংস্র প্রজাতির নামে নাম ‘মেইন কুন’ (হিটলারের ‘মেইন ক্যামফ্’-এর সঙ্গে এর কোনো মিল নেই, আবার আছেও) প্রাণীদের মাংসাশী হয়ে ওঠার গল্প, একে–অন্যকে ছিঁড়ে খাওয়ার গল্প, মানুষের শূকরছানা হয়ে ওঠার গল্প, আবার পৃথিবী থেকে অসংখ্য প্রাণী বিলুপ্ত হওয়ারও ট্র্যাজিক কাহিনি।

এ দেশের কত রকম ঘড়িয়াল, শুশুক ও ভোঁদড় যে হারিয়ে গেছে আমাদের উন্নয়নের চাপে আর চম্পা বাদুড়দের সিস্টেম্যাটিকভাবে মারল কারা ও কেন—সেসবই গল্প এ উপন্যাসের, যেটা জানলে সভ্যতার আসল সত্যটা জানা যাবে বলেই আমার ধারণা।

এ উপন্যাসের কাজে নেমে তা কিছুটা জেনেছি বলেই এ বছরজুড়ে আমি চেষ্টা করে যাব এই ভয়াল লেখাকে আমাদের চিরকালীন ভণ্ডামির প্রশ্নযোগ্য লিরিক্যাল মায়া দিয়ে গড়ার। প্রচুর পড়তে হচ্ছে আমাকে এখন, তাই সভ্যতার বিকাশ বিষয়ে, আর পড়া থেকে বাদ দেওয়া যাচ্ছে না ঊনবিড়াল কি খেঁকশিয়ালদের মনস্তত্ত্বকেও। 

নিজেকে তাই প্রথমবারের মতো মানুষ নয়, বেশ এক জানোয়ার বলেই বোধ হচ্ছে খুব।