লিখব একটি উপন্যাস

একটি উপন্যাস লিখতে শুরু করেছি গত ডিসেম্বরে। বারো শ শব্দ লেখার পর থেমে গেছে লেখা। লিখতে পারছি না এমন নয়, নানা ব্যস্ততায় লেখা হয়ে উঠছে না। ঔপন্যাসিককে আসলে প্রতিদিন রুটিনমাফিক টেবিলে বসতে হয়। যে জগৎ তিনি নির্মাণ করবেন, তা থেকে এক
দিনের জন্যও দূরে যাওয়া চলে না। গেলে জগৎটি লুপ্ত হয়ে যায়। তাকে আবার উদ্ধার করতে হয়।

তবে আনন্দের ব্যাপার যে উপন্যাসটি আবার শুরু করতে পেরেছি। এই বারো শ শব্দ লেখার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে দেড় বছর। সর্বশেষ উপন্যাস মহুয়ার ঘ্রাণ লেখা শেষ করেছি ২০১১ সালের জুনে। তারপর আর ও পথ মাড়াইনি। প্রতিবছর উপন্যাস লেখা আমার পক্ষে প্রায় অসম্ভব। বিরতি নিতে হয়। এক বছরের বিরতি নিই আমি। 

দেড় বছর ধরে ভাবছিলাম, কী বিষয়ে উপন্যাস লিখব। বাংলাদেশে বহিঃরাষ্ট্রের গোয়েন্দা তৎপরতা নিয়ে একটা উপন্যাস লেখার পরিকল্পনা করছিলাম। চরিত্রগুলোর নাম ঠিক করে গল্পটা মাথায় সাজাচ্ছিলাম। নোটও নিচ্ছিলাম প্রচুর। কিন্তু শুরু করতে পারছিলাম না। গত বছরের ডিসেম্বরের শুরুতে ভ্রমণে গিয়েছিলাম সমুদ্রবর্তী দ্বীপ মনপুরায়। ফেরার পর পেয়ে গেলাম উপন্যাসের আরেকটি চমৎকার প্লট। সপ্তাহখানেক পর শুরু করলাম লেখা। তো এই উপন্যাসই এ বছর লিখব। সম্ভবত বড় উপন্যাস হবে। লেখা শুরু করার পর একটা বিষয় খেয়াল করলাম, এই আখ্যানে গিয়ে বদলে যাচ্ছে আমার ভাষা। এই বদল সম্ভবত বিষয়ের কারণে। বিষয়বস্তু উপন্যাসের ভাষাকে নিয়ন্ত্রণ করে।

তা ছাড়া এ বছর পড়ব গুরুত্বপূর্ণ কিছু বই। হরিদাসসিদ্ধান্তবাগীশ ভট্টাচার্য্য কর্তৃক অনূদিত চুয়াল্লিশ খণ্ডের মহাভারতম সংগ্রহ করেছি। এটিই মূল মহাভারত। এটিতে মূল সংস্কৃত, অনুবাদ ও টীকা রয়েছে। ইতিপূর্বে কালীপ্রসন্ন সিংহ অনূদিত মহাভারত পড়েছি। কিন্তু হরিদাসের মহাভারত আরও বড় ও বিস্তৃত। এটি পড়ে শেষ করব ২০২৩ সালে। পৃথিবীর সব কটি মহাকাব্যের মধ্যে মহাভারতকে আমি শ্রেষ্ঠতম মহাকাব্য মনে করি। এ ছাড়া আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের সাংস্কৃতিকী বইটিপড়া শুরু করেছিলাম। দুটি প্রবন্ধ পড়ে এগোতে পারিনি সময়ের অভাবে। এ বছর এটিও পড়ার ইচ্ছা রাখি।