
এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্দেশ্য হলো বৈশ্বিক শিল্পকলার চর্চা, শিল্পের অতীত ও বর্তমান গতিপ্রকৃতি—সর্বোপরি শিল্পদর্শন ও শিল্পচিন্তার নানা দিক ও ধরন-ধারণাগুলো বুঝে নেওয়া। বিভিন্ন দেশের শিল্পী, শিল্পতাত্ত্বিক, সমালোচক, কিউরেটর, দর্শকসহ এক বৃহৎ সমাগমের উদ্দেশ্যে প্রতি দুই বছরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এবার এর ১৯তম আসর। সমসাময়িক কালে বিশ্ব শিল্পবাজারে এ ধরনের দ্বিবার্ষিক প্রদর্শনীর প্রচলন বেশ সমাদৃত।
এই প্রদর্শনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এখানে বিশ্বের নানান দেশের শিল্পীদের শিল্পকর্ম দেখার সুযোগ ঘটে। এ সময়ের শিল্পীদের কাজে কীভাবে স্থানিক, দেশীয় ঐতিহ্য অপেক্ষা আধুনিক ও উত্তরাধুনিক বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হচ্ছে, বিমূর্ততা থেকে বের হয়ে এসে চিত্রকরেরা কীভাবে প্রকাশবাদী মনোভাব, বিষয়বস্তু ও অভিব্যক্তিবাদ দিয়ে প্রভাবিত হচ্ছেন—তার সচিত্র অভিজ্ঞতা বাংলাদেশি দর্শকেরা এই আয়োজন থেকে নিতে পারবেন।
কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গেল বছরের ডিসেম্বরে শুরু হওয়া এই প্রদর্শনীর সমীক্ষা করলে এমন কিছু বিষয়–আশয় উঠে আসবে, যা খানিকটা সমালোচনামূলকও মনে হতে পারে। বাংলাদেশ ছাড়া এবার এতে অংশ নিয়েছে আরও ১১৪টি দেশ। পুরো প্রদর্শনীতে শিল্পীদের কাজ সংখ্যায় অনেক, কিন্তু মানসম্মত কাজ খুঁজলে হাতে গোনা কয়েকটির নামই নেওয়া যাবে। তা ছাড়া এ ধরনের প্রদর্শনীতে যে রকম পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তারও ঘাটতি রয়েছে।
এখানে বাংলাদেশের বরেণ্য পঞ্চাশ শিল্পীর শিল্পকর্ম নিয়ে নির্মাণ করা হয়েছে একটি প্রদর্শনকক্ষ, যা উপস্থাপন গত বৈশিষ্ট্যের বিচারে ‘বাংলাদেশের পঞ্চাশ বছর’ উদ্যাপনের দিকে ইঙ্গিত করে। আর এর মধ্য দিয়ে আমাদের প্রথিতযশা শিল্পী মুস্তফা মনোয়ার, রফিকুন নবী, শাহাবুদ্দিন আহমেদ, আবুল বার্ক্ আলভী, কাজী গিয়াসউদ্দীন প্রমুখের ছবি দেখার সুযোগ ঘটেছে। তবে এই পঞ্চাশ শিল্পী বাছাইয়ের প্রক্রিয়া সম্পর্কে তেমন কোনো তথ্য হাজির নেই। উল্লেখ্য, প্রদর্শনকক্ষটিতে এসব শিল্পীর ছবির পাশাপাশি অযৌক্তিকভাবে খুব সাধারণ মানের বেশ কিছু শিল্পকর্মও প্রদর্শিত হয়েছে, যা কক্ষটির বিশিষ্টতাকে যেমন বাধাগ্রস্ত করেছে, একইভাবে আয়োজনের সঙ্গেও সংগতিপূর্ণ হয়নি।
আরেকটি গ্যালারিতে দেখা গেল, করোনার সময় শিল্পকলা একাডেমি আয়োজিত একটি চিত্রকর্মের কর্মশালা থেকে নির্বাচন করা কিছু চিত্রকর্ম, যা এখানে কিছুটা অপ্রাসঙ্গিকভাবেই উপস্থাপিত হয়েছে। কারণ, ভিন্ন একটি কর্মশালা বা আয়োজন থেকে কিছু শিল্পকর্ম নির্বাচন করে দ্বিবার্ষিক প্রদর্শনীতে উপস্থাপন—বিষয়টি বেশ গোঁজামেলে। উপরন্তু প্রদর্শনীটি যাঁরা দেখতে আসবেন, তাঁরা মূলত এই ‘দ্বিবার্ষিক আয়োজন’–এর বার্তা বা বক্তব্যই সন্ধান করবেন। কিন্তু দেখা গেছে, ওই কর্মশালার অধিকাংশ শিল্পীর অন্যান্য চিত্রকর্ম প্রধান গ্যালারিকক্ষে এবং পঞ্চাশ শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনকক্ষেও শোভা পাচ্ছে। একই শিল্পীর শিল্পকর্মের পুনরাবৃত্তির কারণ ঠিক বোঝা যায়নি। এ ক্ষেত্রে কিউরেটরের সঙ্গে আয়োজকদের সমন্বয়ের অভাব চোখে পড়ে প্রকটভাবে।
প্রধান গ্যালারিতে রয়েছে বাংলাদেশের শিল্পীদের বাছাইকৃত শিল্পকর্ম এবং বিচারকদের নির্বাচিত ও পুরস্কারপ্রাপ্ত চিত্রকর্মগুলো। বলা ভালো, অংশ নেওয়া শিল্পীদের মধ্যে বাংলাদেশের দুজন এবার গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন: সুশান্ত কুমার অধিকারীর ‘আত্ম উপলব্ধির ভেতর–বাহির’ ও ইয়াসমিন জাহানের ‘দ্য টাইম কুড নট কিপ অ্যাট বে’।
সম্মানসূচক পুরস্কার পেয়েছেন ফারেহা জেবা, জয়তু চাকমা, মামুর এহসান মাহতাব, মাইনুল ইসলাম প্রমুখ। আর বিদেশি শিল্পীদের মধ্যে হেরোল্ড স্কোলে (নেদারল্যান্ডস) পেয়েছেন গ্র্যান্ড পুরস্কার। এ ছাড়া এনা সিলভিয়া মালহাদো (পর্তুগাল) সম্মানসূচক পুরস্কার লাভ করেছেন।
প্রদর্শনীতে প্রকৃতিকেন্দ্রিক চিন্তাভাবনা শিল্পীদের বেশ তাড়িত করেছে বলে মনে হয়ে। শিল্পীর নিজস্ব দৈনন্দিন জীবন, তার পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা, আপন মনোজগতের সীমাবদ্ধতা ইত্যাদি ব্যাপারও আবেদন তৈরি করেছে। পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের বাইরেও বেশ কয়েকজন শিল্পী যেমন প্রমিতি হোসেন, সুমন ওয়াহিদ, শারদ দাস, মুজাহিদ মুসা, প্রমথেশ দাস পুলক, শফিকুল কবির চন্দন, তানভীর পারভেজ, উত্তম কুমার রায়, নিলুফার চামান, রুহুল আমিন কাজল প্রমুখের কাজ আয়োজনকে বিশিষ্টতা দিয়েছে।
প্রদর্শনীর একটি গুরুত্বপূর্ণ কিউরেটরিয়াল ‘প্রজেক্ট’ ছিল ‘হিয়ার, দেয়ার অ্যান্ড এভরিহয়্যার অ্যান্ড ভিজিবল কানেকশন’। এর প্রধান কিউরেটর মনজুর আহমদ। তাঁর সঙ্গে যুক্ত ছিলেন দেশি-বিদেশি বেশ কয়েকজন কো-কিউরেটর। দুই বছর ধরে বিভিন্ন দেশের শিল্পী ও শিল্পচিন্তকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে মনজুর আহমদ এই প্রকল্পের বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছেন। ভৌগোলিক সীমারেখা দিয়ে যে শিল্পীদের মনোজগৎকে কোনো গণ্ডিতে বেঁধে রাখা যায় না এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে উপনিবেশবাদ, বর্ণবাদ, গৃহযুদ্ধ ও রাজনৈতিক টানাপোড়েন সঙ্গে নিয়ে প্রতিনিয়ত একজন শিল্পী কীভাবে নিজের মনস্তাত্ত্বিক লড়াই চালিয়ে যান—এসব বিষয় আলোচ্য শিল্প–প্রকল্পে বেশ ভালোভাবেই উপস্থাপিত হয়েছে। গোটা প্রদর্শনীতে এটি বিশেষ রকম উল্লেখযোগ্য কাজ বলে গণ্য হওয়ার দাবি রাখে।
সত্যি বলতে, বাংলাদেশে আয়োজিত দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর এখন অবধি কোনো বিশেষ চরিত্র দেখা যায় না। অথচ পাশের দেশ ভারতের মাদ্রাজে ‘কোচি-মুজিরিস বিয়েনাল’ খুব অল্প সময়ের মধ্যে শিল্পজগতে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে। আর ভেনিস বিয়েনালের কথা তো বলাই বাহুল্য।
যেকোনো বিয়েনাল বা দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনী দুই ধরনের বৈশিষ্ট্য ধারণ করে। একদিকে শৈল্পিক ভৌগোলিক মানচিত্রের প্রসারিত দৃশ্যগুলোক উপস্থাপন করা, অন্যদিকে ঐতিহ্যগত প্রান্তিক বিবেচনাকে প্রাধান্য দিয়ে একটি নতুন সম্ভাবনার পথ অবারিত করা। বাংলাদেশের দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর পরবর্তী বছরের আয়োজনে নতুন নতুন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পুরোনো ধ্যানধারণা থেকে বেরিয়ে আসা খুব প্রয়োজন।
এবারের এশীয় চিত্র প্রদর্শনীতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে কূটনৈতিক বা আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করা, দেশগুলোর আর্থসামাজিক অবস্থা পর্যবেক্ষণ, বিশ্ববাজারে শিল্পের চাহিদা তৈরি করা, নানান শিল্পমাধ্যমের নিরীক্ষাসহ বেশ কিছু বিষয়ে জোর দেওয়া হয়েছে। বর্তমান সময়ের দিকে মনোনিবেশ করার পাশাপাশি একটি সম্মিলিত জাতিগোষ্ঠীর শিল্পভাবনা বা বৈশিষ্ট্যগত সমষ্টি আমরা এবারের আয়োজনে দেখতে পাই। তবে এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক শিল্প পরিসরে ‘বাংলাদেশের শিল্পকলা’ কতখানি গুরুত্ব তৈরি করতে পারল এবং একই সঙ্গে বিশ্ব শিল্পকলার সাম্প্রতিক পরিস্থিতি কতখানি ফুটে উঠল—দুটি বিষয়ে আমাদের আরেকটু ভেবে দেখা দরকার।
দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীটি শেষ হবে ৭ জানুয়ারি।ক