
ফেরার আবার পথ ছিল না বৃষ্টিতে তাই আমি
চন্দ্রাহত গর্ভাশয়ে তাস খেলতে বসি। বিড়ি, চিপস
দূরে দারোয়ান, নীল চক্ষুর বেড়াল, ছেঁড়া জিনস
নির্লোম ঊরুর ট্যাটু—স্টার্ট দিয়ে রাখা তীব্র স্কুটি;
এদিকে উদার বৃষ্টি, ফেরার উপায় নেই কোনো
লুডু খেলা যেতে পারে, একটা সাপ থেকে অন্য ঘরে
মই বেয়ে বেয়ে ভাবো অ্যাডাল্ট কমিকস চলে আসে
বিদুৎকেন্দ্রের চুল্লি—বলিষ্ঠ ইঞ্জিন ফেটে যায়।
ধর্মঘট ডাকো, বাস থামাও, হরতাল ডেকে দাও
ফিরব না ভেবেছি, আজ আরও বৃষ্টি, এসো মৃদুমন্দ;
এই গ্রহে সুনিপুণ প্রতারণা লেখা জানেমান
মৃত্যুর ফ্রেগ্রেন্স শুধু সূর্যাস্তের দিকে বয়ে যায়।