দেশে – বিদেশে

‘শুভরাত্রি, গাজা’ লেখার কদিন পরই বিমান হামলায় নিহত হলেন যে কবি

হেবা আবু নাদা
 ছবি: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সৌজন্যে

‘শহীদের আলো ছাড়া সবকিছুই কালো’—কদিন আগে এ কথা লিখেছিলেন ফিলিস্তিনের গাজার যে কবি, ২০ অক্টোবর ইসরায়েলি বিমান হামলায় নিজের বাসায় নিহত হলেন তিনি।

তাঁর নাম হেবা আবু নাদা। কবিতার পাশাপাশি লিখতেন উপন্যাসও। করতেন শিক্ষকতা। গাজার বাসিন্দা এই কবি ৮ অক্টোবর এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে অনেকটা কবিতার মতো করে দিয়েছিলেন একটি স্ট্যাটাস। আর তাতে ফুটে উঠেছিল ভয়াবহ চিত্র, ‘রকেটের আলো ছাড়া গাজা অন্ধকার, বোমার শব্দ ছাড়া গাজা নীরব, প্রার্থনা ছাড়া আর সবকিছু ভয়ংকর, শহীদের আলো ছাড়া সবকিছুই কালো। শুভরাত্রি, গাজা!’

এই স্ট্যাটাস লেখার ১২ দিন পর মাত্র ৩২ বছর বয়সে নিভে গেল মেধাবী এই কবির জীবনপ্রদীপ।

হেবা আবু নাদার জন্ম ১৯৯১ সালে সৌদি আরবের মক্কায়, ১৯৪৮ সালে বেইত জিরজা থেকে উচ্ছেদ হওয়া এক ফিলিস্তিন পরিবারে। গাজার ইসলামিক ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতক হেবা, পরে একই শহরের আল-আজহার ইউনিভার্সিটি থেকে ক্লিনিক্যাল নিউট্রিশনের ওপর স্নাতকোত্তর করেছিলেন। তাঁর উপন্যাসের নাম অক্সিজেন ইজ নট ফর দ্য ডেড। ২০১৭ সালে এই বইয়ের জন্য শারজা পুরস্কারে ভূষিত হয়েছিলেন হেবা।

ইসরায়েলি বিমান হামলায় হেবা যেদিন নিহত হন, এর এক দিন আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন তিনি। এক্সে লিখেছিলেন, ‘আমরা যদি মরেও যাই, তোমরা জেনে রাখো, আমরা পরিতৃপ্ত ও অবিচল এবং আমরা সত্যের লোক।’

সূত্র: লিট হাব ডট কম, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

গ্রন্থনা: হুমায়ূন শফিক