
গত বছরের নভেম্বরে বাজারে আসার পরপরই সারা বিশ্বে সাড়া জাগিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা প্রক্রিয়াকরণ মডেল ‘চ্যাটজিপিটি’। সম্প্রতি এটি ব্যবহার করে বই লেখার হিড়িক পড়েছে। এসব বইয়ের বেশির ভাগই ই-বুক আকারে প্রকাশ করা হচ্ছে অ্যামাজনের সেলফ পাবলিশিং অথবা কিন্ডেল ডিরেক্ট পাবলিশিংয়ের মাধ্যমে। আলাদা খরচ না থাকায় এসব লেখা প্রকাশে নির্ভর করতে হচ্ছে না কোনো এজেন্ট বা প্রকাশকের ওপর।
শিশুতোষ বই থেকে উপন্যাস, কমিকস থেকে আত্মোন্নয়নমূলক বই—মাত্র কয়েক ঘণ্টা ব্যয় করেই এ প্রযুক্তির সাহায্যে লিখে ফেলা সম্ভব হচ্ছে যেকোনো ধরনের বই। অনেকে আবার এসব লেখা জমা দিচ্ছেন বিভিন্ন পত্রিকা বা সাময়িকীতে প্রকাশের জন্য। যন্ত্রের সাহায্যে লেখা হয়েছে জেনে বাধ্য হয়ে লেখা নেওয়াই বন্ধ করে দিচ্ছে বা আলাদা সতর্কতা অবলম্বন করছে অনেক পত্রিকা।
সূত্র: রয়টার্স।