নতুন বছরের আশা

গত বছরের ডিসেম্বরে আমার একটি বই প্রকাশিত হয়। সংবিধান বিতর্ক ১৯৭২ নামের বইটির দাম খানিকটা বেশি, বিষয়বস্তুও সিরিয়াস ধরনের। তারপরও বইটি যে বিরাটসংখ্যাক পাঠক সংগ্রহ করছেন, তাতে নন-ফিকশন লিখতে আরও অনুপ্রাণিত হয়েছি। এ বছর ইচ্ছে আছে সংবিধানের ওপর আরেকটি বই লেখার। 

ইউপিএল থেকে কিছুদিনের মধ্যে আন্তর্জাতিক আইন ও গঙ্গা নদী–বিরোধ নিয়ে ইংরেজিতে আমার একটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হবে। সেটা বাংলায় লেখারও ইচ্ছে আছে। স্রষ্টা ও ধর্মবিশ্বাস নিয়ে লেখার চিন্তা করছি অনেক দিন ধরে, এর অন্তত কিছু প্রস্তুতি এ বছর নেব।

 নন-ফিকশন আমার চিন্তার জায়গা আর ফিকশন হলো ভালোবাসার জায়গা। গত বছর আমি প্রথম আলো ঈদসংখ্যায় বিজ্ঞান কল্পকাহিনি লিখেছিলাম পারমাণবিক যুদ্ধোত্তর জিন-এডিটেড মানুষদের নিয়ে। এটা ছিল শতভাগ মৌলিক একটি উপন্যাস। আমাকে বলা হয়েছে, এটা এবারের বইমেলায় প্রকাশের জন্য। কিন্তু আমি এটা নিয়ে আরও কাজ করব, পুরোপুরি মনের মতো না হওয়া পর্যন্ত প্রকাশ করব না। 

আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি প্রতিবছর নিয়মিত উপন্যাস আর লিখব না। বড় পরিসরে লিখব, যেখানে ঘটনার পাশাপাশি আমার চিন্তার প্রকাশও থাকবে। 

আমি জানি, এ দেশের অধিকাংশ লেখকের তুলনায় আমার বইয়ের পাঠকপ্রিয়তা অনেক বেশি। কিন্তু এই মোহে প্রভাবিত হওয়ার বয়স এখন আর আমার নেই। যেমন পিএইচডির গল্প বইটির বিপুল জনপ্রিয়তার পর আমাকে বহুবার অনুরোধ করা হয়েছে আরেকটি আত্মজৈবনিক গ্রন্থ লিখতে। কিন্তু মানসিকভাবে সেই তাগিদ না অনুভব করা পর্যন্ত লিখব না। 

শেষ করি একটা কথা বলে। পড়ি আর না পড়ি, আমি নিজে প্রচুর বই কিনি। তবে বইয়ের বাজার তো শুধু আমাদের লেখকদের বই কেনার (বা বইয়ের মানের) ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে বাজার ও বিপণনব্যবস্থার ওপরও।  

আমার ধারণা, বইয়ের বিপণন ও বাজারব্যবস্থায় কিছু সমস্যা আছে এ দেশে। বিশেষ করে ই-বুককেন্দ্রিক বিপণনে আমরা এখনো আছি শিশুতোষ পর্যায়ে। এগুলো দূর করতে হবে। নতুন বছরে বইয়ের প্রভাব আরও বাড়ুক—এই প্রত্যাশা থাকল।