লিটন সরকারের একক প্রদর্শনী ‘পৌরাণিক মন’ দেখতে লালমাটিয়ার কলাকেন্দ্র গ্যালারিতে ঢুকলে মোহিত হতে হয়। কালীঘাটের চৌকাপটের কথা মনে পড়ে। ব্রাউন পেপারে লিটন কী আঁকলেন, তা নিয়ে ভাবার আগেই বাস্তবতা থেকে ধীরে ধীরে সরে গিয়ে কেমন যেন একটা ঘোরমাখা জগতে প্রবেশ করতে হয় দর্শককে। সেখানে যিশুকে পাই গেরুয়া কাপড় জড়ানো শরীরে। ব্রহ্মার মতো ত্রিমস্তকের যিশু চড়ে আছেন সাদা বাঘের পিঠে, হাতে লম্বা ক্রুশ। দেখি শিব, সিদ্ধার্থ কিংবা কালী। শিল্পীর কাজে সনাতন ধর্মের অনেক দেব–দেবীকে পাওয়া গেল, কিন্তু এখানে তাঁদের পরিচয় ভিন্ন। লিটনের ভাবনা, বিশ্বাস আর যাপনের ফলেই হয়তোবা এমনতর জগতের সৃষ্টি। শিল্পী কি তাঁর ব্যক্তিগত দেব–দেবী এবং একান্ত ভাবনা–বিশ্বাসের একটি স্মারক প্রদর্শনীতে তুলে এনেছেন? কিন্তু যে পথ ধরে তিনি হেঁটে এসেছেন, তা তো আমাদের সুপরিচিত। ফলে লিটনের কাজে রংলেপনের যে ভাব, তার সঙ্গে পুরাণকালের বাংলার শিল্পীদের আবেশ টের পাওয়া যায়। এককালে কালীঘাটের চিত্রকলাতে শুধুই ছিল দেব-দেবী। সময়ের বিবর্তন আর বাজার চাহিদার দরুন এ চিত্রকলায়—দৃশ্যে ও ভাবনায়—ফুটে ওঠে তৎকালীন সমাজ আর বাবুদের জীবনযাপন। ধর্মীয় দৃশ্যকল্প থেকে এসব বিষয় উঠে আসার বিবর্তনটি সময়ের দাবি মেনেই ঘটেছিল।
সেই পরম্পরায় লিটনের কাজেও পুরাণকালের কালীঘাট চিত্রকলা দেখা যাবে—এই আশা অবশ্যই দুরাশা। প্রাচীন বাংলার শিল্পীরা যেভাবে সময়ের সঙ্গের যুঝতে দেব–দেবী থেকে সরে এসে মানুষের ছবি আঁকতে শুরু করলেন, তেমনি লিটনও দেব–দেবীর সঙ্গে নিজস্ব আঁতের যোগ ঘটিয়ে আঁকলেন জলরং মিশিয়ে উত্তরাধুনিক দৃশ্য। অর্থাৎ তাঁর তুলি ও মনন থেকে সৃষ্ট মেটান্যারেটিভের এই ছবিগুলো পাঠ করতে চাইলে দর্শককে ইতিহাসের পাঠও খানিকটা নিতে হয়। দৃশ্যশিল্পের মোটিফ, ধর্মীয় প্রতীক আর ব্যক্তিগত বিশ্বাসের যে মিলন এই শিল্পীর কাজে দেখি, তার পাঠ একমুখী নয়। ফলে যখন তিনি ধ্যানমগ্ন বুদ্ধের ছবি আঁকেন, তখন সেটি হয়ে যায় ব্যক্তিগত বুদ্ধ। সে বুদ্ধের সঙ্গে দর্শককে সম্পর্ক গড়ে নিতে হয় অথবা করতে হয় আবিষ্কার।
শিল্পী ওয়াকিলুর রহমানের কিউরেশনে প্রদর্শনীটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
অনিন্দ্য নাহার হাবীব