বইয়ের দুনিয়া

দুজন

গুলজার

অনুবাদ: সফিকুন্নবী সামাদী

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২২

দাম: ২৫০ টাকা।

১৯৪৬ সালের শীতকাল। দেশভাগ আসন্ন। বাতাসে ভেসে বেড়াচ্ছে ‘বর্ডার’ আর ‘রিফিউজি’র মতো কিছু নতুন শব্দ, যার অর্থ পরিষ্কার নয় অনেকের কাছেই। দেশভাগের ফলে প্রায় দেড় কোটি মানুষ তাদের ঘরবাড়ি হারায়। দাঙ্গায় নিহত হয় বিশ লাখ মানুষ। ক্যাম্বেলপুর এলাকা থেকে মানুষভর্তি একটা ট্রাক রওনা দেয়। ট্রাকের আরোহীরা কেউ জানে না, তারা কোথায় যাবে। কোথায় হবে তাদের পরবর্তী ঠিকানা। দেশভাগ নিয়ে উর্দু ও হিন্দি ভাষায় অনেক কালজয়ী সাহিত্য রচিত হয়েছে। চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক ও কথাসাহিত্যিক গুলজারের এ উপন্যাস তেমনি একটি রচনা।

বাংলাদেশ পুলিশের ইতিবৃত্ত

আবুল কালাম আজাদ

প্রকাশক: দিব্য প্রকাশ, ঢাকা

প্রকাশকাল: আগস্ট ২০২২

দাম: ১৫০০ টাকা।

এ বইয়ে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—তথা উপমহাদেশে পুলিশের প্রাচীনকাল থেকে এখনকার সময়ের ইতিহাস বিশদভাবে লিপিবদ্ধ হয়েছে। এ ছাড়া এতে আছে কয়েকটি উন্নত দেশের পুলিশ সম্পর্কে অল্পবিস্তর আলোচনা এবং বাংলাদেশ পুলিশের সঙ্গে তাদের তুলনা। বইয়ের এক অংশে স্বাধীনতাযুদ্ধে পুলিশের ভূমিকা সম্পর্কেও আলোকপাত করা হয়েছে। বাংলাদেশের পুলিশ সম্পর্কে জানা ও বোঝার জন্য এই বই খুবই গুরুত্বপূর্ণ।

বিস্মৃত ভাষা: স্বপ্ন, মিথ ও রূপকথায়

প্রতীক–পরিচিতি

এরিক ফ্রম

অনুবাদ: রিফ্​ফাত সামাদ

প্রকাশক: ঐতিহ্য, ঢাকা

প্রকাশকাল: আগস্ট ২০২২

দাম: ৫০০ টাকা।

এই বইয়ে প্রখ্যাত সমাজ–মনোবিজ্ঞানী ও দার্শনিক এরিক ফ্রম প্রতীকী ভাষার স্বরূপ তুলে ধরেছেন। শুধু স্বপ্নই নয়, মিথ, রূপকথা, আচার–পার্বণ ও সাহিত্যের প্রতীকী ভাষা কীভাবে গূঢ় অর্থ প্রকাশ করে, সেটিও উঠে এসেছে এখানে। প্রতীকের ব্যাখ্যা দেওয়া নয় বরং বিস্মৃত ভাষা সম্পর্কে আগ্রহী করে তোলাই ছিল এরিক ফ্রমের উদ্দেশ্য। এখানে তাই তিনি বিশদ আলোচনায় না গিয়ে বহুল পরিচিত মিথ, রূপকথা ও সাহিত্যকে অবলম্বন করে প্রতীকী ভাষার স্বরূপ উন্মোচন করেছেন। বইটির অনুবাদ সুখপাঠ্য।