যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’র প্রচ্ছদ অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’র প্রচ্ছদ অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো

দেশে–বিদেশে

নভেম্বরে আসছে বাইডেনের স্মৃতিকথা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর প্রেসিডেন্ট থাকাকালের অভিজ্ঞতা নিয়ে একটি স্মৃতিকথা প্রকাশ করতে যাচ্ছেন। প্রমিজ মি, আমেরিকা নামের বইটি প্রকাশ করবে লিটল, ব্রাউন অ্যান্ড কোম্পানি। এ বছরের ১৭ নভেম্বর বইটি প্রকাশের তারিখ ঠিক করা হয়েছে।

বইটিতে দেশের অর্থনীতি, করোনা মহামারি, গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অবকাঠামো উন্নয়ন কর্মসূচি এবং ২০২৪ সালের নির্বাচনে পুনর্নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তসহ তাঁর প্রেসিডেন্সির নানা গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে আসবে।

বই প্রকাশের ঘোষণা দিয়ে এক ভিডিও বার্তায় বাইডেন বলেন, ‘আমরা জাতি হিসেবে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি এবং কেন নিয়েছি সেসব নিয়ে এই বই। সবচেয়ে বড় কথা, এটি আমেরিকার প্রতিশ্রুতির প্রতি আমার বিশ্বাসের গল্প।’

তবে বইটির প্রকাশের সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কারণ, এটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনের মাত্র দুই সপ্তাহ পর প্রকাশিত হবে। ওই নির্বাচনে কংগ্রেসে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করবে ডেমোক্রেটিক পার্টি। বিশ্লেষকদের মতে, বাইডেনের রাজনৈতিক উত্তরাধিকার ও দ্বিতীয়বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়ে দলের ভেতরে এখনো মতভেদ রয়েছে। ফলে বইটি নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

জো বাইডেনের স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’র প্রচ্ছদ
বাইডেন জানান, তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। তবে নতুন ভিডিও বার্তায় তিনি বলেন, বর্তমানে চিকিৎসা চলছে এবং তিনি ভালো আছেন। প্রকাশকের পক্ষ থেকে জানানো হয়েছে, বই প্রকাশের পর জো বাইডেন বিভিন্ন শহরে সফর করবেন এবং গণমাধ্যমে সাক্ষাৎকারও দেবেন।

৮৪ বছরে পা দেওয়ার তিন দিন আগেই বইটি প্রকাশিত হবে। প্রেসিডেন্টদের স্মৃতিকথা প্রকাশের দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় বাইডেনও তাঁর হোয়াইট হাউসের অভিজ্ঞতা তুলে ধরছেন। যদিও প্রকাশনা প্রতিষ্ঠানটি বইয়ের অগ্রিম সম্মানী বা চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করেনি। সাধারণত যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্টদের বই বহু মিলিয়ন ডলারের চুক্তিতে প্রকাশিত হয়ে থাকে।

প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। তাঁর বয়স এবং শারীরিক সক্ষমতা নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতারাই প্রশ্ন তুলেছিলেন। ২০২৫ সালে সাংবাদিক জেক ট্যাপার ও অ্যালেক্স থম্পসনের প্রকাশিত অরিজিনাল সিন বইয়েও বাইডেনের শারীরিক অবনতি এবং তা গোপন রাখার অভিযোগ নিয়ে আলোচনা করা হয়।

একই বছর বাইডেন জানান, তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে। তবে নতুন ভিডিও বার্তায় তিনি বলেন, বর্তমানে চিকিৎসা চলছে এবং তিনি ভালো আছেন।

প্রকাশকের পক্ষ থেকে জানানো হয়েছে, বই প্রকাশের পর জো বাইডেন বিভিন্ন শহরে সফর করবেন এবং গণমাধ্যমে সাক্ষাৎকারও দেবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

গ্রন্থনা: রবিউল কমল