
ইতিহাসের বড় বড় বিপ্লব শুধু রাজা-বাদশাহ, সেনাবাহিনী বা রাজনৈতিক নেতাদের গল্প নয়। এসব পরিবর্তনের সময় সাধারণ মানুষও কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়। কেউ প্রতিবাদ করে, কেউ গোপনে তথ্য পৌঁছে দেয়, কেউ আবার নিজের পরিবার ও বিশ্বাসকে রক্ষা করতে গিয়ে বিপদের মধ্যে পড়ে।
এ কারণেই বিপ্লবকে ঘিরে লেখা ঐতিহাসিক উপন্যাসগুলোতে থাকে সাহস, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা ও কঠিন সময়ের মানুষের গল্প। বিভিন্ন দেশের বিপ্লব ও প্রতিরোধ আন্দোলনকে পটভূমি করে লেখা এমন সাতটি উপন্যাসের কথা তুলে ধরা হয়েছে এ তালিকায়।
লিবি কার্টি ম্যাকনামির ‘দ্য ইউনিয়ন স্পাইমিস্ট্রেস: দ্য স্টোরি অব এলিজাবেথ ভ্যান লিউ’
এটি যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়কার এক সাহসী নারীর গল্প। এলিজাবেথ ভ্যান লিউ ছিলেন দাসপ্রথার বিরোধী এবং উত্তরাঞ্চলের সমর্থক। তিনি থাকতেন কনফেডারেটদের শক্ত ঘাঁটি রিচমন্ডে।
সমাজে তাঁর সম্মানজনক অবস্থানকে কাজে লাগিয়ে তিনি গোপনে ইউনিয়নের হয়ে তথ্য সংগ্রহ করতেন। সংকেত ও সাংকেতিক বার্তার মাধ্যমে সেই তথ্য পৌঁছে দিতেন অন্যদের কাছে।
একজন সাধারণ সামাজিক মর্যাদাসম্পন্ন নারী কীভাবে গোপন কাজে জড়িয়ে পড়েছিলেন, সে ইতিহাসই এই বইয়ের মূল আকর্ষণ।
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমেরিকান বিপ্লবের সময়ের গল্প এটি। ফেইথ কিংস্টন দিনের বেলা এক রকম জীবন কাটালেও রাতে তিনি হয়ে ওঠেন ‘লেডি মিডনাইট’। গোপনে তিনি আমেরিকান বিপ্লবীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেন।
একসময় নিকোলাস নামের এক বিদ্রোহী তাঁর বাবার পিছু নেয়। এরপর ফেইথও জড়িয়ে পড়েন বিপ্লবের ঘটনায়। ব্যক্তিগত সম্পর্ক ও দেশের ভবিষ্যতের জন্য লড়াই—দুটি বিষয় একসঙ্গে এগিয়ে যায় গল্পে।
গল্পের শুরু ১৯৫০-এর দশকের তেহরানে। ছোটবেলায় এলি ও হোমার বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনেরই স্বপ্ন ছিল বড় হয়ে স্বাধীন ও আনন্দময় জীবন কাটানোর।
কিন্তু সময়ের সঙ্গে তাদের পথ আলাদা হয়ে যায়। পরে ইরানে ১৯৭৯ সালের বিপ্লব শুরু হলে তাদের জীবনও আমূল বদলে যায়। বিশেষ করে নারীদের জীবনে আসে বড় পরিবর্তন। নিজেদের স্বাধীনতা ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে লড়াই করতে হয় তাদের।
এ উপন্যাস কেবল একটি বিপ্লবের গল্প নয়; এটি দুই নারীর বন্ধুত্ব, স্বপ্ন ও বদলে যাওয়া জীবনের গল্পও।
ডমিনিকান রিপাবলিকের এক ভয়ংকর রাজনৈতিক সময়কে কেন্দ্র করে লেখা এ উপন্যাস। দেশটি তখন স্বৈরশাসক রাফায়েল ত্রুজিলোর কঠোর শাসনের মধ্যে ছিল। সেই শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মিরাবাল বোনেরা।
চার বোনের মধ্যে মিনার্ভা সরাসরি বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হন। পাত্রিয়া ছিলেন ধর্মপ্রাণ এবং মারিয়া তেরেসা ছিলেন সবচেয়ে ছোট। তাঁদের বোন দেদে শেষ পর্যন্ত বেঁচে যান এবং বাকি বোনদের জীবনের গল্প বলেন।
ন্যায়ের জন্য লড়াই করতে গিয়ে কী ভয়ংকর মূল্য দিতে হতে পারে, এ উপন্যাস সে বাস্তবতাই তুলে ধরেছে।
২০১১ সালের আরব বসন্তের সময় মিসরের কায়রোতে ঘটে যাওয়া আন্দোলনকে পটভূমি করে লেখা এ উপন্যাস।
তরেক ও তার মেয়ে নেদা হঠাৎ নিজেদের এমন এক সময়ের মধ্যে আবিষ্কার করে, যখন চারপাশের সমাজ দ্রুত বদলে যাচ্ছে। সামনে কী ঘটবে, তা কেউ জানে না।
এ অনিশ্চয়তার মধ্যে তাদের নিতে হয় নানা কঠিন সিদ্ধান্ত। বাবা-মেয়ের সম্পর্ক, ভবিষ্যতের ভয় এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা—সবকিছু মিলিয়ে বইটি বিপ্লবের সময় সাধারণ মানুষের জীবনকে সামনে আনে।
ফরাসি বিপ্লবের অন্যতম অস্থির ও রক্তক্ষয়ী সময়কে কেন্দ্র করে লেখা এই উপন্যাস। গল্পের কেন্দ্রে রয়েছেন তিন ঐতিহাসিক ব্যক্তি—জর্জ-জ্যাক দঁতন, ম্যাক্সিমিলিয়েন রবসপিয়ের ও কামিল দেমুলাঁ।
তিনজনই বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তাঁদের চিন্তা, লক্ষ্য ও রাজনৈতিক অবস্থান এক ছিল না। ফলে বিপ্লবের ভেতরকার মতবিরোধ, ক্ষমতার লড়াই এবং ‘রেইন অব টেরর’-এর ভয়াবহতা গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিপ্লব কীভাবে পুরোনো শাসনব্যবস্থাকে বদলে দিতে পারে, আবার একই সঙ্গে নতুন সংঘাত ও সহিংসতার জন্ম দিতে পারে, বইটি সেই জটিল ইতিহাসকে তুলে ধরে।
আমেরিকান বিপ্লবের আরেকটি পরিচিত অধ্যায় এখানে দেখা হয়েছে এলিজা শুইলার হ্যামিলটনের দৃষ্টিকোণ থেকে।
তিনি ছিলেন আলেকজান্ডার হ্যামিলটনের স্ত্রী। তবে তাঁর পরিচয় শুধু একজন বিপ্লবী নেতার স্ত্রী হিসেবে সীমাবদ্ধ ছিল না। তিনি নিজেও লেখালেখি করতেন এবং সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়ে সক্রিয় ছিলেন।
আলেকজান্ডার হ্যামিলটনের মৃত্যুর পরও তাঁর কাজ ও ভাবনাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন এলিজা। একই সঙ্গে নিজের বিশ্বাস ও সমতার ধারণা নিয়েও কাজ করে যান।
বইটিতে দেখা যায়, ইতিহাসের বড় রাজনৈতিক ঘটনাগুলোর পেছনে থাকা নারীদের ভূমিকাও কতটা গুরুত্বপূর্ণ হতে পারে।
সূত্র: লাইব্রেরি জার্নাল