
দার্শনিকেরা হাঁটেন কেন? এই প্রশ্নের উত্তরে বহু কিছুই লেখা যাবে। বলা যেতে পারে, জ্ঞানের দিকে মানবজাতির যাত্রা অধিকাংশ সময়ই মন্থর। এক পা এক পা করে এগোনো। সেই সূত্রেই হাঁটাহাঁটির সঙ্গে দর্শনের বেশ শক্ত কোনো সংযোগ আছে বলে মনে হয়। অন্তত বেশ কয়েকজন খ্যাতিমান দার্শনিকের জীবন ঘেঁটে দেখলে সে ধারণা আরও পোক্তই হওয়ার কথা।
পাশ্চাত্য দর্শনের জন্মই হয়েছিল এথেন্সের বাজারের পথে পথে হেঁটে বেড়ানো মানুষ এক সক্রেটিসের হাত ধরে। তাঁরই শিষ্যের শিষ্য অ্যারিস্টটলকে আবার বলা হয় ‘হণ্টক দার্শনিক’, কারণ তাঁর শিক্ষাদানের পদ্ধতিই ছিল হাঁটতে হাঁটতে আলোচনা করা।
আমরা যদি একটু লাফ দিয়ে আরও পরের সময়ে আসি, তাহলেও দেখতে পাব এর কাছাকাছি নজির। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট রোজ বিকেল পাঁচটার সময় নিয়ম করে হাঁটতে বের হতেন। তিনি এতটাই সময়ানুবর্তী ছিলেন যে বলা হয় তাঁর প্রতিবেশীরা তাঁর হাঁটতে বের হওয়ার সময় দেখে নিজেদের ঘড়ির সময় ঠিক করতেন। এ ছাড়া কান্ট সব সময় একই পথ ধরে হাঁটতেন ও ফিরে আসতেন। গোটা জীবনে নাকি তিনি মাত্র দুবার নিজের হাঁটার পথ বদলেছিলেন। কান্টেরই সমজাতীয় আরেক জার্মান দার্শনিক ছিলেন ফ্রেডরিখ নিৎশে। নিজের দর্শনের মতোই, তিনিও অত নিয়মকানুনের ধার ধারতেন না। কখনো একা একা পাহাড়ে ঘুরে বেড়াতেন, কখনোবা এক দিনেই টানা আট ঘণ্টা হাঁটার ওপরে থাকতেন। হয়তো পারিপার্শ্বিক এমন বদল তাঁর চিন্তার জগতেও এনে দিত বৈচিত্র্য। এমনকি দ্য ওয়ান্ডারার অ্যান্ড হিজ শ্যাডো নামে আস্ত একটা বই তিনি লিখেছিলেন পুরোপুরি হণ্টনরত অবস্থায়।
তবে এর উল্টো নজিরও যে নেই, তা নয়। ফরাসি দার্শনিক রেনে দেকার্তে দুপুর পর্যন্ত ঘুমাতেন। তাঁর শ্রেষ্ঠ কাজের জন্ম তিনি দিয়েছেন বিছানায় শুয়ে শুয়ে।
সূত্র: মিডিয়াম ডটকম
●গ্রন্থনা: মাহীন হক