ডিজনির জনপ্রিয় রাজকন্যা চরিত্রগুলোকে নিয়ে নতুন কমিকস সিরিজ আনছে ডিজনি পাবলিশিং। ডিজনি কার্সড লাভ নামের এই সিরিজে রোমান্স, ফ্যান্টাসি ও জাদুর মিশেলে তৈরি হবে চারটি মৌলিক গল্প। সিরিজটির প্রথম কিস্তি আগামী বছর প্রথমে প্রকাশিত হবে জনপ্রিয় ওয়েবকমিক প্ল্যাটফর্ম ওয়েবটুনে। পরে এর মুদ্রিত সংস্করণও প্রকাশ করা হবে।
সম্প্রতি ডিজনির ডি২৩ সম্মেলনে সিরিজটির ঘোষণা দেওয়া হয়। প্রথম কিস্তির নাম ‘দ্য কার্স অব আ ফরসাকেন হার্ট’। গল্পটি লিখেছেন নেভার আফটার সিরিজের লেখক এমিলি ম্যাকইনটায়ার এবং চিত্রাঙ্কন করেছেন শিল্পী সামাইরু।
প্রকাশনা সূত্রে জানা গেছে, প্রথম গল্পে বিউটি অ্যান্ড দ্য বিস্ট–এর পরিচিত দুই চরিত্র একটি জাদুকরি রঙিন কাচের জানালার মধ্য দিয়ে হঠাৎ একটি রহস্যময় জগতে প্রবেশ করবে। সেখানে তারা জানতে পারবে, একটি রাজ্য ভয়ংকর অভিশাপে আক্রান্ত। সেই অভিশাপ থেকে রাজ্যকে মুক্ত করতে তাদের এক রাজকন্যাকে সাহায্য করতে হবে।
ডিজনি পাবলিশিংয়ের নির্বাহী সম্পাদক কার্লোটা কোয়াত্রোকোলো জানিয়েছেন, ভবিষ্যতে ওয়েবকমিক, গ্রাফিক নভেল, তরুণ পাঠকদের উপযোগী উপন্যাসসহ বিভিন্ন মাধ্যমে এই সিরিজের আরও গল্প প্রকাশের পরিকল্পনা রয়েছে। তাদের লক্ষ্য এটিকে একটি বহু মাধ্যমভিত্তিক গল্প বলার উদ্যোগে পরিণত করা।
এই উদ্যোগের পেছনে রয়েছে ডিজনি ও ওয়েবটুনের মধ্যে করা একটি বহু বছরের চুক্তি। গত বছর স্বাক্ষরিত ওই চুক্তির আওতায় ডিজনি, মার্ভেল, টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওস ও স্টার ওয়ার্সের প্রায় ১০০টি কমিকস ওয়েবটুনের মোবাইল-উপযোগী ভার্টিক্যাল-স্ক্রল ফরম্যাটে প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়।
ইতিমধ্যে ডিজনির ২০টির বেশি কমিকস ওয়েবটুনে প্রকাশিত হয়েছে। এগুলো ওয়েবটুন অ্যাপের জন্য তৈরি বিশেষ বিভাগে পাওয়া যাচ্ছে। এই উদ্যোগের মধ্যে ডিজনি ভিলেনস সিরিজ এবং মার্ভেলের সাম্প্রতিক দ্য আল্টিমেটস কমিকসও রয়েছে।
ডিজনি ও ওয়েবটুনের এই অংশীদারত্বের আওতায় একটি নতুন ডিজিটাল কমিকস প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ওয়েবটুনে ডিজনির ২ শতাংশ ইকুইটি বিনিয়োগের বিষয়টিও চুক্তির অংশ।
দ্য কার্স অব আ ফরসাকেন হার্ট–এর পর সিরিজের বাকি তিনটি গল্পে কোন কোন জনপ্রিয় ডিজনি চরিত্রকে নতুন রূপে দেখা যাবে, তা এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র: পাবলিশার্স উইকলি