বইয়ের দুনিয়া

দ্য ম্যান হু কাউন্টেড এক গাণিতিক অভিযাত্রার কাহিনি, যা পাঠককে নিয়ে যাবে অন্য ভুবনে। যেখানে গল্পের নায়ক অনন্য গাণিতিক প্রতিভার সাহায্যে মীমাংসা করেন কলহের। শত্রুর হাত থেকে মুক্তি পান। অর্জন করেন খ্যাতি ও পুরস্কার। সেগুলো করেন গণিতের ধাঁধা সমাধান করতে করতে। গল্পগুলোতে আছে অসামান্য সাহিত্যিক ও গাণিতিক মাধুর্য। এই গণিত গল্পের মাধ্যমে উঠে এসেছে চমৎকারভাবে। বইটির অনুবাদও চমৎকার।

দ্য ম্যান হু কাউন্টেড

মালবা তাহান

অনুবাদ: আব্দুল্যাহ আদিল মাহমুদ

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২২

দাম: ৩০০ টাকা।

বাংলা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ নির্মাতাদের একজন ঋতুপর্ণ ঘোষ। অন্তরঙ্গ সব অনুভূতির গল্প সাবলীল সংলাপে তিনি উপস্থাপন করেছেন চলচ্চিত্রের পর্দায়। মাত্র ৪৯ বছরের জীবনে রেখে গেছেন বিপুল সৃষ্টিসম্ভার। ঋতুপর্ণ ঘোষের জীবনের রূপরেখা দেখানোর পাশাপাশি তাঁর বহুমুখী প্রতিভার নানা দিক উন্মোচনের গভীরতর প্রয়াস এই বই। নির্বাচিত কয়েকটি চলচ্চিত্রের বিশ্লেষণ ছাড়াও এতে রয়েছে তাঁর অভিনয়, উপস্থাপনা ও পত্রিকা সম্পাদনা নিয়ে আলোচনা, গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার ও তাঁর লেখা সব গান।

ঋতুপর্ণ ঘোষ: চলচ্চিত্র, জীবন ও সাক্ষাৎকার

নাফিস সাদিক

প্রকাশক: বাতিঘর, ঢাকা

প্রকাশকাল: আগস্ট ২০২২

দাম: ৬০০ টাকা।