অধিকার বনাম অসম্মান ব্যক্তিগত ও নৈর্ব্যক্তিক

কোলাজ: আপন জোয়ার্দার
কোলাজ: আপন জোয়ার্দার

ব্যাক্তিগতকে নৈর্ব্যক্তিক করে তোলাই সাহিত্য।
মৈত্রেয়ী দেবী তাঁর ন হন্যতে শিরোনামের আত্মজৈবনিক উপন্যাসে জানিয়েছেন, মির্চার সঙ্গে সম্পর্ক নিয়ে তাঁর বাবার আপত্তি থাকলেও তাঁর লেখা প্রেমাতুর বা বিরহকাতর কবিতাগুলো নিয়ে বাবা কখনো আপত্তি করেননি। আমরা জানি, মির্চা এলিয়াদের লেখা লা নুই বেঙ্গলি (বাংলার রাত্রি) শীর্ষক স্মৃতিকথায় লেখকের বয়ানের সঙ্গে কিছু ব্যাপারে দ্বিমত ছিল মৈত্রেয়ী দেবীর। এ কারণে কনফেশন ধরনের এই উপন্যাস লেখার প্রয়াস পান তিনি। এ বইতে প্রচুর সত্যিকারের জীবিত ও মৃত মানুষের কথা এসেছে, রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক বিখ্যাত ব্যক্তির যাতায়াত ছিল মৈত্রেয়ীর পিতৃনিবাসে। তাঁদের সবার আসল নাম মৈত্রেয়ী দেবী নিজে প্রকাশ করেননি, কাউকে লিখেছেন ‘অ’বাবু, কাউকে ‘খ’বাবু। যেসব ক্ষেত্রে তাঁর মনে হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তির অসম্মান হচ্ছে না কিংবা আপত্তি জানানোর কিছু নেই, উল্লেখিত ঘটনাগুলো সর্বজনবিদিত, কেবল সেখানেই তিনি প্রকাশ করেছেন আসল নাম।

আত্মজীবনীতে কতটুকু লিখবেন আর কতটুকু লিখবেন না, তা লেখক নিজেই স্থির করেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনী গ্রন্থের নামই অর্ধেক জীবন, হয়তো এ জন্যই যে লেখক জানতেন জীবনের পুরোটুকু কখনোই প্রকাশিত হয় না, প্রকাশ করা সম্ভব নয়। কারণ, নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে আরও অনেকের জীবন, সেই অন্য অনেকের অনেক কথা বলে দেওয়া লেখকের অধিকারের মধ্যে নেই। জীবনের কথা বলতে বসে সব কথা বলতেই হবে, এমন দায়বদ্ধতাও থাকা উচিত নয়। স্বসম্পাদনার মধ্য দিয়ে অনেক ঘটনা কেটেছেঁটে বাদ দেওয়ার অধিকারও নিশ্চয়ই লেখকের থাকা উচিত।

আত্মকথায় স্বাভাবিকভাবেই দৃষ্টিভঙ্গিটা হয় লেখকের নিজের। এতে সাধারণত নিজের সব কৃতকর্মকে জায়েজ করার প্রবণতা যেমন থাকে, তেমনি অল্প বয়সের ভুলগুলোর পেছনের অন্তর্নিহিত কারণ বা যুক্তি খোঁজার চেষ্টাও দেখা যায়। এটি করতে গিয়ে যদি অন্যের ওপর দোষারোপ আর নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা থাকে, তবে তা আপত্তিকর ঠেকে বৈকি। সাম্প্রতিক কালে ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী তাঁর আত্মজীবনী অ্যান অর্ডিনারি লাইফ-এর প্রকাশনা ও বিক্রি বন্ধ করেছেন। তাঁর দুজন প্রাক্তন প্রেমিকার আপত্তি সাপেক্ষে তিনি এ সিদ্ধান্ত নেন। শুধু তা-ই নয়, প্রাক্তনদের কাছে ক্ষমা প্রার্থনাও করেন নওয়াজউদ্দিন। বইটির একটি কপি আমার কাছেও আছে। সেখানে একজনের সঙ্গে অযাচিত বিচ্ছেদ তাঁকে কতটা ভেঙেচুরে দিয়েছিল, তা বলার সময় সেই নারী কেন তাঁর সঙ্গে আচমকা যোগাযোগ বন্ধ করে দিলেন, তার কারণ কিছুতেই বুঝতে পারছিলেন না বলে জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। পরবর্তী সময়ে সেই নারীর ফেসবুক পোস্ট মারফত জানা যায়, তাঁদের প্রেমের সম্পর্ক বন্ধুমহলে সবার জানা ছিল, এটা কোনো গোপনীয় তথ্য নয়। কিন্তু বিচ্ছেদ বা ‘ব্রেকআপ’-এর কারণ হিসেবে নওয়াজউদ্দিন যা বলছেন, তা অসম্পূর্ণ। আসলে অভিনেতা নিজেই তাঁদের অন্তরঙ্গ সময়ের বিশদ বিবরণ অনেক পুরুষ বন্ধুর কাছে দিয়েছিলেন, যেটি ওই নারীর কাছে অপমানকর মনে হওয়ায় তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

নওয়াজউদ্দিন সিদ্দিকীর অন্য আরেক প্রাক্তনের বক্তব্য থেকেও পরে জানা গেছে, নওয়াজের বক্তব্য ছিল অসম্পূর্ণ, অতিরঞ্জিত ও অর্ধসত্য। বিচ্ছেদ-পরবর্তী কষ্ট আর যন্ত্রণার বিবরণ দিতে গিয়ে নিজের করা ভুলগুলো সম্পর্কে একেবারেই কিছু বলেননি তিনি। এতে যে একপেশে বয়ান প্রকাশ পেয়েছে, তাতে দর্শকপ্রিয় এই অভিনেতা ভক্তকুলের কাছ থেকে প্রচুর সহানুভূতি আদায় করে নিতে পারতেন, যদি না সেই নারীরা আত্মপক্ষ সমর্থনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিতেন। মৈত্রেয়ী দেবীও একই কারণে ন হন্যতে লিখেছিলেন।

লেখার জবাব লেখা দিয়ে দেওয়া সব সময়ই শ্রেষ্ঠ উপায়, কিন্তু সবার জন্য তা সম্ভব না-ও হতে পারে। কী বলবেন আর কী বলবেন না, সেই বাছবিচারের অধিকার লেখকের অবশ্যই আছে, কিন্তু তার মানে এই নয় যে জড়িত ব্যক্তিকে ক্রমাগত দোষারোপ করে নিজের ভুলত্রুটি চেপে যাওয়ার অধিকারও তাঁর আছে।

দক্ষিণ আফ্রিকান বংশদ্ভূত স্ট্যান্ডআপ কমেডিয়ান ট্রেভর নোয়া তাঁর আত্মজীবনী বর্ন আ ক্রাইম-এ জানিয়েছেন তাঁর মা প্যাট্রিসিয়া নোয়ার বিবাহবহির্ভূত সম্পর্কের ফলে তাঁর জন্মের কথা, এমনকি প্যাট্রিসিয়ার দ্বিতীয় স্বামীর দ্বারা গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও। প্রথমটি তাঁর মায়ের এবং দ্বিতীয়টি তাঁর সৎবাবার দিক থেকে অপরাধ হলেও এগুলো গোপনীয় কোনো তথ্য নয়। প্যাট্রিসিয়া নোয়ার কোনো ব্যক্তিগত তথ্য, যা জগতের লোক জানে না, এমন কিছুই আত্মজীবনীতে প্রকাশ করেননি তিনি।

ফতোয়া-পরবর্তী বাধ্যতামূলক আত্মগোপনে থাকার সময়টুকু নিয়ে ভারতীয় বংশদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি লিখেছেন একটি স্মৃতিকথা, যার নাম জোসেফ অ্যান্টন। এক সাক্ষাৎকারে এই ঔপন্যাসিককে প্রশ্ন করা হয়েছিল, আত্মকথন তিনি কেন তৃতীয় পুরুষে লিখলেন? রুশদি জবাব দিয়েছিলেন, যেন উপন্যাসের মতো সব চরিত্রের প্রতি মনোযোগ দেওয়া সম্ভব হয়, মূল চরিত্র তিনি নিজে বলে শুধু নিজের কৃতকর্মের সাফাই গাওয়া না হয়ে যায় যেন। নিজের স্মৃতিকথা প্রসঙ্গে রুশদি আরও বলেন, ‘অনেকে আমাকে শয়তান বলে ভাবে, আবার কারও কারও কাছে আমি “আইকনিক”-আদর্শ এক লেখক। কিন্তু আসলে আমরা কেউই শয়তান বা সাধু নই, আমরা সবাই-ই দোষগুণসম্পন্ন ভুলত্রুটিযুক্ত মানুষ।’ জোসেফ অ্যান্টন বইয়ে এক বন্ধুর কথা উল্লেখ করেছেন রুশদি, যিনি তাঁকে আগের দিন ফোনে বলেছেন বাক্​স্বাধীনতা রক্ষার জন্য তিনি সর্বোচ্চ সমর্থন দেবেন, কিন্তু পরদিন লন্ডনের মুসলিম সম্প্রদায়ের এক সমাবেশে এই মর্মে বক্তব্য দিয়েছেন যে কারও ধর্মানুভূতিতে আঘাত করার অধিকার কোনো লেখকের নেই। মজার ব্যাপার হলো, এই বন্ধুর নাম রুশদি উল্লেখ করেননি। সমাবেশে দেওয়া বক্তব্যের রেকর্ড থাকলেও আগের দিনের ফোনালাপের রেকর্ড নিশ্চয়ই রুশদির কাছে ছিল না। আর সেই বন্ধুর এই দুমুখোপনা প্রকাশ করেই-বা কী ফায়দা হতো?

বই নিষিদ্ধ করা, পোড়ানো বা লেখকের শাস্তি দাবি করা—এগুলো মুক্তবুদ্ধির চর্চা নয়। কোনো বইয়ের বক্তব্য অসত্য মনে হলে লিখেই সেটির উত্তর দেওয়া উচিত। এখন প্রশ্ন হলো, সবাই তো লেখক নন, যাঁরা লেখক নন, তাঁরা কীভাবে দোষারোপ, সত্য, অর্ধসত্য কিংবা মিথ্যা দিয়ে চরিত্রহানী, গোপনীয়তা লঙ্ঘন ইত্যাদির প্রতিবাদ করবেন?

এ সমস্যার সবচেয়ে সহজ সমাধান হলো কারও নাম প্রকাশ না করা। লেখককে এখানে কৌশলী হতে হয়। যেহেতু জীবনীটি তাঁর নিজের এবং তিনিই এখানে মুখ্য, কাজেই অন্যান্য চরিত্র অনামী থাকলেই-বা কী? তিনি তো নিজের বয়ান বলছেন, নিজের অতীতের ‘অন্ধকার’ অধ্যায় প্রকাশ করার অধিকার অবশ্যই তাঁর আছে, কিন্তু অপরজন যে অতীত ভুলে যেতে চায়, সেটিকে সবার সামনে খুলেমেলে ধরার অধিকার যেমন তাঁর নেই, তেমন এই পুরো প্রক্রিয়ার প্রয়োজনও খুব একটা নেই। যার যার নিজস্ব আধার তার তাঁর কাছে থাকুক, চাইলে সে নিজেই প্রকাশ করুক...ততক্ষণ পর্যন্ত ছদ্মনামে কাজ চালিয়ে নেওয়া যেতেই পারে।

আপন আঁধার প্রকাশের জন্য অন্ধকারে দেখা হওয়া ব্যক্তিদের কোনো স্পষ্ট চেহারা না দেখালেও চলে।