লিখি না কুয়াশা তৈরি করি?

কদিন যাবৎই একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে খুব, আমরা লিখি নাকি কুয়াশা তৈরি করি? বেঁচে থাকার মহড়া দিতে দিতে আমাদের নিজেদের অস্তিত্বসর্বস্ব চেহারা আমাদের কাছে এতটাই স্পষ্ট যে মাঝেমধ্যে নিজের সে-ই অসহ্য অবয়ব ভুলতে শিল্প শিল্প খেলি, কবিতা লিখি। অক্ষরের মধ্য দিয়ে আমরা আসলে কুয়াশা তৈরি করি, ভবিষ্যতের পৃথিবীর পড়ার জন্য রেখে যাই কিছু কুহক। 

২০২৩ সাল চলে এল। ২০২৩-এর ব্যক্তি আমি যেমন  ২০২৩-এরই নই শুধু, তেমনি আমার কবিতাযাপন ও আগামীর গায়েও লেপ্টে আছে ফেলে আসা সুদূর ও নিকটদূর। এ বছর আমার কবিতাজীবনের গুরুত্বপূর্ণ বছর কারণ,  প্রথম দুটো কবিতার বই নাচপ্রতিমার লাশ (২০০৯) আর মারবেল ফলের মওসুম ( ২০১১) নতুনভাবে প্রকাশ পাচ্ছে প্রকাশনা সংস্থা বৈতরণী ও ঐতিহ্য থেকে। নিজের প্রাথমিক কবিতাজগৎকে পাঠকের কাছে নতুন করে তুলে ধরার মুহূর্তে ২০২২-এর কবিতাবই অফ টপিক (চন্দ্রবিন্দু প্রকাশন) আর এইসব মকারি (ঐতিহ্য)-এর দ্বিতীয় মুদ্রণও বাজারে চলে এসেছে, যা ‘কবিতার আর পাঠক নাই’ জাতীয় গুজবের মুখে মোক্ষম জবাব বলে মনে করি।

গেল বছরটায় কবিতা লেখা হয়েছে অনেক৷ লেখার অধিক ফলন এ দেশে ভালো চোখে দেখা হয় না। লিখলেও সব লেখা প্রকাশ করাকে আরও খারাপ চোখে দেখা হয়।  কিন্তু আমি তো মনে করি জোর করে ‘বিরলপ্রজ কবি’ সাজার কোনো মানে হয় না। 

আমার কবিতার বইগুলো আকারে খুব বড় হয় না। তবে এবারের নতুন কবিতার বইটা অপেক্ষাকৃত বড়ই হচ্ছে। ঐতিহ্য বের করছে বইমেলায়, নাম ভুলে যাওয়া স্কার্টের সিঁড়ি। আর ২০২২ সালে লেখা বিপুলসংখ্যক কবিতার মধ্য থেকে ঝাড়াই-বাছাই করে মাওলা ব্রাদার্সের যৌথ কবিতাবইয়ের সিরিজে আরও একটি পাণ্ডুলিপি দিয়েছি মেহজাবিনের ছাতার লোভে শিরোনামে। 

আমার যেসব কবিতায় সংগীতের অনুষঙ্গ আছে, তা সে উচ্চাঙ্গসংগীত হোক আর হালফিলের গান—সেসব সুরসিক্ত কবিতা নিয়ে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে বেরোচ্ছে একটি কবিতা-সংকলন এ সকাল সন্ধ্যা মুখোপাধ্যায় নামে।

আপাতত এসব বইয়ের প্রকাশ-অপেক্ষা চলছে। একসময় কবিতার পাশাপাশি অনেক গদ্যও লিখেছি, এখন গদ্য লেখা ভুলেই গেছি। ২০২৩ সলে এসে মনে করি, সবকিছু মনে রাখার দরকারও হয়তো নেই। জীবন তো কাফকার ওই পেনাল কলোনি। বেঁচে থাকার কয়েদিছায়া জারি থাকে যদি, তাহলে ২০২৩-এ আমার শ্বাসের ফুলগুলোর কাছে ঋণী থেকে আমি হয়তো বেঁচে থাকার বাগানে আরও কিছু কবিতাই আঁকব।