চিলির নোবেলজয়ী কবি পাবলো নেরুদার মৃত্যু হয়েছিল ১৯৭৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে। ৫০ বছর পর সম্প্রতি জানা যাচ্ছে, এই তথ্য সঠিক ছিল না, তাঁকে খুন করা হয়েছিল। কেন ও কীভাবে খুন করা হয়েছিল নেরুদাকে?

‘আজকের মতো সে রাতেও বাহুলগ্না করেছি তারে/চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছি অসীম আকাশপারে।/কখনো আমাকে ভালোবেসেছিল, আমিও বেসেছি তারে/কী করে মানুষ ডাগর আঁখিকে ভালো না বাসতে পারে।/আজ রাতে বুঝি লিখতে পারব করুণ কবিতাখানি/এই ভেবে যেন সে আমার নয়, তাকে হারিয়েছি জানি।’ বিখ্যাত এই প্রেমের কবিতাটি যাঁর লেখা, সেই কবি পাবলো নেরুদাই যে স্পেনের ক্ষমতা দখলকারী জেনারেল ফ্রাংকোর দুঃশাসন থেকে পলায়নপর দুই সহস্রাধিক মানুষকে একটা জাহাজে করে চিলিতে আশ্রয় নেওয়ার সুযোগ করে দেওয়ার নেপথ্যে ছিলেন, সেটি আমাদের অনেকেরই জানা নেই।
স্পেনে চিলির কনসাল হিসেবে কর্মরত থাকার সময় নেরুদা দেখেছেন, কীভাবে দেশটির মুক্তবুদ্ধির চর্চাকে রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। তাঁর বন্ধু কবি ফেদেরিকো গার্সিয়া লোরকাকে ফ্যাসিস্ট বাহিনী গুম করে ফেলার পর দেশটির সংগ্রামী মানুষের প্রতি তাঁর আবেগ ও সমর্থন আরও বেড়ে গিয়েছিল।
স্পেন থেকে ফ্রান্সে পালিয়ে আসা শরণার্থীদের একটা বড় দলকে একসঙ্গে চিলিতে পাঠানোর জন্য আস্ত একটা জাহাজ ভাড়া করলে খরচের সাশ্রয় হবে বলে সেভাবেই পরিকল্পনা করেছিলেন নেরুদা। এ সময় প্যারিসে চিলির দূতাবাসে কর্মরত থাকার সুবাদে ফ্রান্সের পোইয়াক বন্দর থেকে একটা জাহাজের ব্যবস্থা করা তাঁর পক্ষে সহজতর হয়েছিল। যে জাহাজ পাওয়া যায়, সেটা মালবাহী জাহাজ বলে ওটাকে দুই হাজার নারী–পুরুষ ও শিশুর দীর্ঘ যাত্রার উপযোগী যাত্রীবাহী জাহাজে পরিণত করা ছিল খরচান্ত ব্যাপার। এই খরচ মেটানোর জন্য লাতিন আমেরিকার বিভিন্ন দেশ এবং বন্ধুদের কাছ থেকে অর্থ সংগ্রহের কাজ করেছিলেন তিনি। দাতাদের মধ্যে ছিলেন পাবলো পিকাসোও। ফরাসি কমিউনিস্ট পার্টির স্বেচ্ছাসেবকেরাও হাত মিলিয়েছিলেন তাঁর সঙ্গে। মোট খরচের অর্ধেক সংগৃহীত হওয়ার পর বাকি অর্থের জন্য নেরুদা যখন বিভিন্ন জায়গায় ধরনা দিচ্ছেলেন, তখন এক আমেরিকান খ্রিষ্টীয় সংগঠন অপ্রত্যাশিতভাবে বাকি অর্থায়নের দায়িত্ব নিয়ে নেরুদাকে নিশ্চিন্ত করেছিল। অর্থ সংগ্রহ ছাড়া যে গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছিলেন, সেটি হলো, শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য চিলির তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো আগিরে সেরদাকে রাজি করানো। কারণ, সে সময় দেশটি কেবল অর্থনৈতিকভাবে দরিদ্রই ছিল না, ১০ বছর আগে সংঘটিত ২৮ হাজার মানুষের প্রাণসংহারী ভূমিকম্পের ধকলে তখনো বিধ্বস্তপ্রায়। তিনি প্রেসিডেন্টকে বোঝান যে মানবতার বিষয়টা বাদ দিলেও স্পেনের দক্ষ শ্রমশক্তির একটা বাহিনী চিলির মতো ছোট একটা দেশকে দিতে পারে বড় সুবিধা। চিলির সবচেয়ে বিখ্যাত কবি এবং মানবীয় গুণাবলিসম্পন্ন এই কূটনীতিবিদের যুক্তি গ্রহণ করেছিলেন প্রেসিডেন্ট। তবে শর্ত দেন যে তাঁদের যাত্রার খরচ ছাড়া কমপক্ষে ছয় মাসের খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করার জন্য নেরুদাকেই ভূমিকা নিতে হবে। দায়িত্বটি তাঁর জন্য ছিল দুরূহ, তবু তিনি ব্যক্তিগতভাবে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন, যাতে শরণার্থীরা নিজ নিজ ক্ষেত্রে সত্যিকার দক্ষতাসম্পন্ন এবং নৈতিক চরিত্রের অধিকারী হয়। এভাবে কয়েক শ মানুষকে নির্বাচন করতে পেরেছিলেন নেরুদা। বাকিদের বাছাই করেছিল উদ্বাস্তু স্থানান্তরের জন্য গঠিত প্রবাসী একটি স্পেনীয় সংস্থা।
শরণার্থীদের নিয়ে জাহাজটি যখন চিলির ভালপারাইসো বন্দরে পৌঁছায়, তখন সেখানে তাঁদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন চিলির প্রেসিডেন্টের ব্যক্তিগত প্রতিনিধি দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সিনেটর সালভাদর আইয়েন্দেও ছিলেন, যিনি পরবর্তীকালে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
জীবন ও পেশায় বহু চড়াই-উতরাই ও ঘাত-প্রতিঘাত অতিক্রম করে, রাজনৈতিক কারণে নির্বাসিত ও পলাতক জীবনযাপনের পর ১৯৫২ সালে নেরুদা যখন আইয়েন্দের আহ্বানে চিলিতে ফিরে আসেন, তখনো তাঁর মাথার ওপর ঝুলছিল গ্রেপ্তারি পরোয়ানা। তবে তাঁর দ্বিতীয় স্ত্রী দেলিয়া দেল কেরিল সরকারের উচ্চ মহলে দেনদরবার করে সেটি রদ করাতে পেরেছিলেন, যদিও নেরুদা তখন প্রেম করছিলেন হবু তৃতীয় স্ত্রী মাতিলদে উরুতিয়ার সঙ্গে। ১৯৭০ সালে চিলির প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য বিবেচিত হয়েছিলেন নেরুদা, তবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় বহুবারের সিনেটর সালভাদর আইয়েন্দেকে। নেরুদাও সমর্থন দিয়েছিলেন তাঁকে। নির্বাচনে জয়লাভ করে আইয়েন্দেই হয়েছিলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশের প্রথম সমাজতন্ত্রী প্রেসিডেন্ট। তখন দ্বিতীয়বারের মতো ফ্রান্সে চিলির দূতাবাসে পদস্থ হন নেরুদা, তবে এবার রাষ্ট্রদূত হিসেবে।
প্যারিস দূতাবাসে যোগ দেওয়ার পর নেরুদার শরীরে ক্যানসারের লক্ষণ ধরা পড়ে। এর মধ্যে তিনি পেয়েছেন ১৯৭১ সালের নোবেল পুরস্কার। রাশিয়ায় স্তালিনের একনায়কতন্ত্রের প্রতি তাঁর সমর্থনের কারণে নোবেল কমিটি আপত্তি তুলেছিল বটে, তবে সেটা ধোপে টেকেনি। নোবেল পুরস্কার পাওয়ার পর তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটছিল। ফলে প্যারিসে তিন বছরের কম সময়ের কর্মজীবন পার করে দেশে ফিরে আসতে হয় তাঁকে।
দেশে ফেরার পর (১৯৭৩) নির্বাচিত সরকারকে উৎখাত করে জেনারেল অগুস্তো পিনোশে রাষ্ট্রক্ষমতা দখল করেন, হত্যা করা হয় আইয়েন্দেকে। এ কাজে স্পষ্টতই তাঁকে সহায়তা করেছিল সিআইএ। উল্লেখ্য, নির্বাচনে ডানপন্থী দলকে গোপনে মদদ দিলেও আইয়েন্দের বিজয় ঠেকাতে পারেনি মার্কিন এই গোয়েন্দা সংস্থা। তাঁর বিজয়ের পর হেনরি কিসিঞ্জার মন্তব্য করেছিলেন, ‘আমি বুঝতে পারি না, জনগণের দায়িত্বহীনতার কারণে একটি দেশ কমিউনিস্ট হয়ে যাবে, দাঁড়িয়ে থেকে সেটি আমাদের দেখতে হবে কেন?’
আইয়েন্দে সরকার উৎখাত হলে দেশটির ভবিষ্যৎ নিয়ে অসুস্থ নেরুদার স্বপ্ন বিচূর্ণ হয়ে যায়। ক্ষমতা দখলের পরই নেরুদার বাড়ি তল্লাশি করে পিনোশের বাহিনী। এ সময় তিনি তাদের বলেছিলেন, ‘খুঁজে দেখো, তোমাদের জন্য বিপদের একটি জিনিসই পাবে এখানে—কবিতা।’ আইয়েন্দে নিহত হওয়ার কয়েক দিন পর ১৯৭৩ সালের ১৯ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন নেরুদা, সেখানেই তিনি মারা যান ২৩ সেপ্টেম্বর রাতে।
ওপরের এই দীর্ঘ ও প্রয়োজনীয় ভূমিকার কেন্দ্রে রয়েছে নেরুদার মৃত্যুকে ঘিরে সৃষ্ট রহস্যের নতুন মাত্রা। পিনোশের সামরিক একনায়কতন্ত্র শেষ হওয়ার ১১ বছর এবং নেরুদার মৃত্যুর ৩৮ বছর পর তাঁর গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ম্যানুয়েল আরাইয়া ওসোরিও মেক্সিকোর প্রোসেসো ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথবারের মতো প্রকাশ করেন যে জেনারেল পিনোশের সামরিক সরকার নেরুদার শরীরে বিষ প্রয়োগ করার নির্দেশ দিয়েছিল হাসপাতালের চিকিৎসককে। স্পেনের কাগজ এল পাইসকেও একই তথ্য জানান ম্যানুয়েল আরাইয়া। তিনি জানান যে জেনারেল পিনোশের অভ্যুত্থানের পরপরই স্ত্রী মাতিলদেকে নিয়ে মেক্সিকোতে নির্বাসনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নেরুদা। উদ্দেশ্য ছিল, পিনোশে সরকারকে উৎখাত করার জন্য বিশ্বের সমাজতান্ত্রিক দেশগুলোর সাহায্য চাওয়া। কিন্তু দেশত্যাগের আগেই হাসপাতালে ভর্তি নেরুদাকে খুন করার জন্য ঘুমন্ত অবস্থায় তাঁর তলপেটে কিছু একটা ইনজেকশন দেওয়া হয়। সেটা যে বিষ ছিল, সে ব্যাপারে ম্যানুয়েল নিশ্চিত। ইনজেকশন দেওয়ার ব্যাপারটি তাঁকে জানিয়েছিলেন হাসপাতালের এক নার্স। ম্যানুয়েল বলেছিলেন যে নেরুদার ক্যানসার ছিল বটে, কিন্তু তাতেই যে তিনি মারা গেছেন, সেটি তাঁর মনে হয় না। তাঁর ধারণা, সেদিন যদি তাঁরা নেরুদাকে হাসপাতালে একা ফেলে চলে না যেতেন, তাহলে হয়তো এই কাজ করার সুযোগ পেত না তারা। কারণ, যে রাতে তিনি মারা যান, সেদিন সকালে দেশত্যাগের প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় জিনিসপত্র গোছগাছ করার জন্য নেরুদার নির্দেশে বাড়িতে গিয়েছিলেন কবিপত্নী উরুতিয়া, সঙ্গে গিয়েছিলেন আরাইয়াও। পরদিনই তাঁদের মেক্সিকোর দিকে রওনা দেওয়ার কথা। কিন্তু দুপুরের পর আতঙ্কিত নেরুদা জরুরি ভিত্তিতে তাঁদের হাসপাতালে চলে আসার জন্য ফোন করেছিলেন। কারণ, তাঁর পেটে একটা ইনজেকশন দেওয়া হয়েছে। আরাইয়া বলেন, ‘মৃত্যুর আগে বিশ্বকে একটা সত্য আমি জানিয়ে যেতে চাই যে নেরুদাকে খুন করা হয়েছিল।’
বিষয়টা উন্মোচিত হওয়ার পর এ ব্যাপারে তদন্ত দাবি করে চিলির কমিউনিস্ট পার্টি। দুই বছর ধরে বহু নথিপত্র ঘাঁটার পর ২০১৩ সালে চিলির আদালত নেরুদার দেহাবশেষ তুলে পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেন। চিলির তৎকালীন সরকারও খুনের বিষয়টি আমলে নিয়ে তদন্তের ব্যবস্থা করেছিল আরও দুই বছর পর। সেই তদন্ত রিপোর্টে বলা হয়, ক্যানসারেই মৃত্যু হয়েছে নেরুদার। কিন্তু ২০১৭ সালে বিশেষজ্ঞদের আরেকটা কমিটি ক্যানসারে মৃত্যুর ধারণা নাকচ করে দিয়ে জানায়, তাঁর মৃত্যু ঘটেছে একধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে, এটি শরীরের বাইরে থেকেও ঢুকতে পারে।
ডেনমার্ক, কানাডা ও চিলির ফরেনসিক বিশেষজ্ঞদের সম্মিলিত একটা প্যানেল পাঁচ বছরের বেশি সময় ধরে নিবিড় গবেষণার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিশ্চিত করে যে ৫০ বছর আগে নেরুদার মৃত্যুর ঘটনাটি ছিল খুন, আর সেটি করা হয়েছে বিষ প্রয়োগের মাধ্যমে। তাঁর শরীরে প্রয়োগ করা হয়েছিল মানবদেহের জন্য অনুপযোগী প্রচুর পরিমাণ ক্লোরিস্ট্রিডিয়াম বটুলিনাম নামের টক্সিন, যা স্নায়ুকে অবশ করে দিয়ে মৃত্যু ঘটায়। আশির দশকের প্রথম দিকে রাজনৈতিক বন্দীদের ওপর চিলির সামরিক জান্তার এই টক্সিন প্রয়োগের দৃষ্টান্ত ছিল বলে একইভাবে নেরুদাকে খুন করার ধারণাটি আরও জোরদার হয়। এসব বন্দীর মধ্যে ছিলেন আইয়েন্দের পূর্বসূরি প্রেসিডেন্ট এদুয়ার্দো ফ্রেই ও আইয়েন্দে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হোসে তোহা। আমরা জানি, পিনোশের শাসনামলে ৪০ হাজারের বেশি ভিন্নমতাবলম্বীকে নির্যাতন ও খুন করা হয়। তাঁদের একটা বিরাট অংশ ছিল সমাজতন্ত্রে বিশ্বাসী লেখক, শিল্পী ও বুদ্ধিজীবীর দল।
কাকতালীয়ভাবে নেরুদার বন্ধু এবং চিলির প্রেসিডেন্টের মৃত্যুর কারণও ছিল রহস্যঘেরা। সর্বজনবিদিত তথ্য অনুযায়ী, পিনোশের অনুগত বাহিনী প্রেসিডেন্ট প্রাসাদ আক্রমণ করলে আইয়েন্দে একটা একে ৪৭ রাইফেল দিয়ে আত্মহত্যা করেছিলেন, যে অস্ত্রটা তাঁকে উপহার দিয়েছিলেন ফিদেল কাস্ত্রো। একমাত্র প্রত্যক্ষদর্শী হিসেবে এই ঘটনা বর্ণনা করেছেন প্রেসিডেন্টের চিকিৎসক প্যাট্রিসিও গিহোন। তবে অভ্যুত্থান প্রসঙ্গে নেরুদা তাঁর আত্মস্মৃতিতে লেখেন, ‘আইয়েন্দেকে হত্যা করার খবরটা পুরো বিশ্বের কাছে গোপন রেখে তাঁর অমর দেহকে সমাহিত করার সময় একমাত্র তাঁর স্ত্রী ছাড়া আর কাউকেই সেদিন কাছে থাকতে দেওয়া হয়নি।’ কারণ, তিনি কখনোই তাঁদের নির্দেশে পদত্যাগ করতেন না। আইয়েন্দের হত্যারহস্যও নতুন মোড় নিয়েছিল তাঁর দেহাবশেষ তুলে ফরেনসিক পরীক্ষা করার জন্য আদালতের নির্দেশের পর। পরীক্ষার পর দেখা যায়, আইয়েন্দের শরীরে দুই ধরনের গুলি লেগেছিল। একটি একে ৪৭ রাইফেলের, আরেকটি অপেক্ষাকৃত ছোট অস্ত্রের। সুতরাং তিনি আত্মহত্যা করেছেন বলে যে প্রচার করা হয়েছিল, সেটি সত্য নয়।
নেরুদার মৃত্যুরহস্য উদ্ঘাটনের জন্য যখন তদন্ত চলছিল, ঠিক সে সময় চিলির সরকার সিদ্ধান্ত নেয় যে সান্তিয়াগো এয়ারপোর্টের নাম বদলে করা হবে ‘পাবলো নেরুদা এয়ারপোর্ট’। এই সিদ্ধান্তের বিরুদ্ধে চিলির নারীবাদীরা সোচ্চার হয়ে ওঠেন। কারণ, আত্মস্মৃতিতে নেরুদা স্বীকার করেন যে তিনি ভারতীয় তামিল এক নারী শ্রমিককে ধর্ষণ করেছিলেন। বিমানবন্দরের নাম বদলানোর বিষয়টির সুরাহা হয়নি আজ অবধি। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ থাকলেও নারী নেতৃত্বের অনেকেই সাহিত্যে তাঁর অবদানকে অস্বীকার করতে রাজি নন, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস যাঁকে উল্লেখ করেছেন ‘যেকোনো ভাষায় বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম কবি’ হিসেবে।
সূত্র: অ্যারিয়েল ডর্ফম্যান, নিউইয়র্ক টাইমস, ফেব্রুয়ারি ২১, ২০১৮; ইভ ভারগারা ইউএসএ টুডে, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
পাবলো নেরুদা
চিলির নোবেলজয়ী কবি
জন্ম: ১২ জুলাই ১৯০৪, চিলির মাউলে অঞ্চলে পারাল গ্রামে
পারিবারিক নাম: রিকার্দো এলিয়েসের নেফতালি রেয়েস বাসোয়ালতো
লেখালেখির সূচনা: ১৩ বছর বয়সে। পরিবারের সঙ্গে বিরোধে না জড়ানোর জন্য লেখালেখির শুরুতে নিয়েছিলেন ছদ্মনাম।
রাজনৈতিক জীবন: মার্কিন পুঁজিবাদী শাসনব্যবস্থার কট্টর সমালোচক হিসেবে আস্থা ছিল বামপন্থায়। ১৯৪৮ সালে চিলির তৎকালীন সরকার কমিউনিজম নিষিদ্ধ করার পর কয়েক মাস আত্মগোপনে থেকে আর্জেন্টিনায় পালিয়ে যান। তিন বছর নির্বাসিত জীবন কাটানোর পর রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হলে ফিরে আসেন দেশে। পরে কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য হিসেবে ১৯৪৫ সালে এক মেয়াদে সিনেটর নির্বাচিত হয়েছিলেন।
কূটনৈতিক জীবন: কূটনৈতিক জীবনে দায়িত্ব পালন করেছিলেন বার্মা (এখন মিয়ানমার), শ্রীলঙ্কা, আর্জেন্টিনা, মেক্সিকো, স্পেন, ও ইন্দোনেশিয়ার জাভায় চিলির দূতাবাসে।
পুরস্কার: ১৯৭১ সালে নোবেল পুরস্কার ছাড়াও ১৯৫০ সালে আন্তর্জাতিক শান্তি পুরস্কার এবং ১৯৫৩–তে লেলিন শান্তি পুরস্কার লাভ করেন।
মৃত্যু: ২৩ সেপ্টেম্বর ১৯৭৩, চিলির সান্তিয়াগোতে।