দে শে - বি দে শে

পঞ্চাশোর্ধ্ব লেখকদের প্রথম উপন্যাস প্রকাশের জন্য পুরস্কার ঘোষণা

বিশ্বজুড়ে তরুণ লেখকদের প্রকাশিত প্রথম বইয়ের জন্য নানা রকম পুরস্কার রয়েছে। কিন্তু পঞ্চাশোর্ধ্ব কোনো লেখকের প্রথম বই প্রকাশের জন্য এ ধরনের পুরস্কার বিরল। এ বছর লন্ডন বইমেলার শেষে পঞ্চাশোর্ধ্ব লেখকদের প্রথম উপন্যাস প্রকাশের ক্ষেত্রে এমনই এক পুরস্কারের ঘোষণা দিয়েছে লিটারেরি এজেন্সি জেনি ব্রাউন অ্যাসোসিয়েটস। ব্রিটেনে অবস্থানরত লেখকদের জন্য উন্মুক্ত হয়েছে পুরস্কারটি।

বয়স বিশ, ত্রিশ বা চল্লিশের কোঠায় থাকা লেখকদের চেয়ে পঞ্চাশ পার হওয়া লেখকদের বাস্তব অভিজ্ঞতা তুলনামূলকভাবে বেশি থাকে। জীবনের অনেকটা পথ পেরিয়ে আসা এসব লেখক চারপাশের মানুষের মনস্তত্ত্ব, তাড়না, অনুতাপ-অনুশোচনাসহ অন্য সব জটিল অনুভূতি ভালো বোঝেন বলে মনে করেন এ পুরস্কারের আয়োজকেরা। তাঁদের লেখার মাধ্যমে বিস্তৃত জীবনের এসব চিত্র উঠে আসবে। পাশাপাশি যাঁরা লেখালেখির স্বপ্ন দীর্ঘকাল মনের মধ্যে পুষে রেখেছিলেন, তাঁদের উৎসাহিত করাও এ আয়োজনের লক্ষ্য।

মে মাসজুড়ে পুরস্কারটির জন্য গৃহীত হবে পাণ্ডুলিপি। অর্থ পুরস্কারের পাশাপাশি স্কটল্যান্ডে অবস্থিত ন্যাশনাল রাইটিং সেন্টারে এক সপ্তাহ অবস্থানের সুযোগ পাবেন বিজয়ী লেখক।

সূত্র: দ্য গার্ডিয়ান

●গ্রন্থনা: নাফিস সাদিক