পরিচালক পূর্ণেন্দু পত্রী ও নায়িকা সুচিত্রা সেন। চতুরঙ্গ ছিল পূর্ণেন্দু পত্রীর অসমাপ্ত একটি সিনেমা
পরিচালক পূর্ণেন্দু পত্রী ও নায়িকা সুচিত্রা সেন। চতুরঙ্গ ছিল পূর্ণেন্দু পত্রীর অসমাপ্ত একটি সিনেমা

জীবন থেকে নেওয়া

সুচিত্রার সামনে কবির সাহস

কবি–লেখকদের জীবনের চমকপ্রদ ঘটনা নিয়ে শুরু হলো নতুন এ বিভাগ

পূর্ণেন্দু পত্রীকে কে না চেনেন! তিনি যেমন ছিলেন চিত্রশিল্পী হিসেবে খ্যাতিমান, তেমনি কবি হিসেবেও বিখ্যাত। নানা গুণে গুণান্বিত এই পূর্ণেন্দু পত্রী ষাটের দশকে সিনেমা তৈরিতে মনোনিবেশ করলেন। ১৯৭৩ সালে তাঁর দ্বিতীয় ছবি স্ত্রীর পত্র মুক্তি পেল। ছবিটি দেশ-বিদেশে অনেক সম্মান পায়। একই সঙ্গে চলচ্চিত্রটি বাণিজ্যিক সাফল্যও পেয়েছিল। তখন চলচ্চিত্রকার হিসেবে ভারতজুড়ে পূর্ণেন্দু পত্রীর বেশ নাম হয়। এ ছবির সাফল্যের পর ১৯৭৪ সালে মুম্বাইয়ের এক বাঙালি প্রযোজক হেমেন গাঙ্গুলি কবির কাছে আসেন নতুন ছবি প্রযোজনার প্রস্তাব নিয়ে। পূর্ণেন্দুর অনেক দিনের ইচ্ছা ছিল, রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাস নিয়ে সিনেমা বানাবেন। এ প্রস্তাবেও রাজি হন হেমেনবাবু। কিন্তু শর্ত একটাই, ছবির নায়িকা হিসেবে নিতে হবে সুচিত্রা সেনকে। কিন্তু পূর্ণেন্দু তো চতুরঙ্গর দামিনী চরিত্রের জন্য মাধবী মুখোপাধ্যায়ককে নেবেন বলে তাঁকে কথা দিয়েছিলেন। অবশেষে প্রযোজকের ইচ্ছা অনুসারে তিনি সুচিত্রাতেই সম্মত হলেন।

ওদিকে ছবির চিত্রনাট্য দেখে মহানায়িকা সুচিত্রা সেনও রাজি। সিনেমার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে প্রায়ই পূর্ণেন্দু পত্রীকে সুচিত্রা সেনের বাড়িতে যেতে হতো। ফলে তাঁদের মধ্যে দারুণ একটা সম্পর্ক গড়ে উঠল। সুচিত্রার সুরুচির কথা সবার জানা, খুব শৌখিন মানুষ ছিলেন তিনি। খুবই রুচিসম্মতভাবে সাজানো থাকত তাঁর বসার ঘর। তবে পূর্ণেন্দু পত্রী প্রায়ই লক্ষ করতেন, প্রতি দুই সপ্তাহ অন্তর সুচিত্রা সেনের বসার ঘরের ইন্টেরিয়র ডেকোরেশন বদলে যাচ্ছে। একদিন এর কারণ জানতে চাইলে সুচিত্রা জানালেন, এই পরিবর্তন তিনি ইচ্ছা করেই করেন, যাতে তাঁর কোনো একঘেয়েমি না তৈরি হয়। এ ঘটনার বড় প্রভাব পড়েছিল পূর্ণেন্দু পত্রীর ওপর। মাঝেমধ্যেই তিনি তাঁর বাড়ির আসবাব এদিক-সেদিক নিতেন, অদলবদল করতেন বসার ঘরের সাজসজ্জা।

অতঃপর পূর্ণেন্দু পত্রী পরিচালিত চতুরঙ্গ ছবির শুভ মহরতের দিন ঘনিয়ে এল। মহরত হলো কলকাতার টেকনিক্যাল স্টুডিওতে। একপর্যায়ে মহরতের শট বোঝাতে গিয়ে পরিচালক পূর্ণেন্দু পত্রী মেঝের কার্পেটে বসতে বললেন নায়িকা সুচিত্রা সেনকে। সেদিন তিনি খানিকটা উদ্বিগ্ন ছিলেন, তাই বোধ হয় বেখেয়ালেই এমনটি করেছিলেন। কেননা, সে সময় সবার কাছে ‘ম্যাডাম’ নামে খ্যাত সুচিত্রা সেনকে মাটিতে বসতে বলতে পারে, এমন সাহস কারও ছিল না। বেখেয়ালেই হোক আর যেভাবেই হোক, পূর্ণেন্দু পত্রী সেই সাহস করেছিলেন। এ প্রসঙ্গের সূত্র ধরে বেশ পরে একদিন হাসতে হাসতে সুচিত্রা সেন পূর্ণেন্দু পত্রীকে বলেছিলেন, ‘আপনার অনেক সাহস আছে মশাই, আমাকে কিন্তু আজ পর্যন্ত কোনো পরিচালক এভাবে মাটিতে বসতে বলেননি।’

এ কথায় খানিকটা মুচকি হেসেছিলেন পূর্ণেন্দু পত্রী। আর সেই নীরব হাসিতেই ঊহ্য ছিল আরেকটি বাক্য, ‘কবিদের এ রকম সাহস থাকতে হয়!’

পূর্ণেন্দু পত্রী চতুরঙ্গর মহরতের দিন সাহস দেখিয়েছিলেন বটে, সামান্য অংশের শুটিংও করেছিলেন, কিন্তু ছবির প্রয়োজক হেমেন গাঙ্গুলির আকস্মিক মৃত্যুর পর এ সিনেমার কাজ আর শেষ করতে পারেননি। ফলে শেষমেশ ছবিটি অসমাপ্তই থেকে যায়।

সূত্র: কলকাতার এই সময় পত্রিকায় প্রকাশিত পুণ্যব্রত পত্রীর লেখা ‘অসমাপ্ত ছবির গল্প’
গ্রন্থনা: বাশিরুল আমিন