কার্টুন চরিত্র গ্রেগ হেফলির পাশে জেফ কিনি
কার্টুন চরিত্র গ্রেগ হেফলির পাশে জেফ কিনি

দেশে–বিদেশে

৩০ কোটি বই বিক্রি, তারপর…

কিশোরদের কাছে খুবই জনপ্রিয় সিরিজ ডায়েরি অব আ উইম্পি কিড। সম্প্রতি এই সিরিজের ২০তম বই পার্টিপুপার প্রকাশিত হয়েছে। প্রকাশনার দিনে একটি টেবিলে কয়েক হাজার বই সাজানো ছিল। লেখক জেফ কিনি ঘুরে ঘুরে সেগুলোতে সই করছিলেন। সেই দৃশ্য দেখে যে কারও মনে হতে পারে, এটা একটি শো!

জেফ কিনির লেখা এই সিরিজের প্রতিটি বইতে লেখা, ৩০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে। এই সংখ্যা অনেক! তুলনা করলে দেখা যায়, তিনি অনেক বিখ্যাত ব্যান্ডের অ্যালবাম বিক্রিকেও ছাড়িয়ে গেছেন। শিশুদের কাছে জেফ কিনি এখন একেবারে সুপারস্টার। মজার বিষয় হলো লেখক হিসেবে এত জনপ্রিয় হলেও মানুষটা বেশ লাজুক।

ডায়েরি অব আ উইম্পি কিড সিরিজের ২০তম বই পার্টিপুপার

কিনি আগে ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রথমে একটি ওয়েবসাইটের জন্য উইম্পি কিড তৈরি করেন। পরে বই আকারে প্রকাশিত হয়। তারপর চরিত্রটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তার বইগুলোর ভাষা সহজ ও হাস্যরসে ভরপুর। আর গল্পগুলো শিশুদের জীবনের সঙ্গে মিলে যায়। তাই পড়তে গিয়ে কেউ বিরক্ত হয় না।

জেফ কিনির বয়স এখন ৫৪ বছর। এই বয়সেও তিনি খুব সাধারণ জীবন যাপন করেন। দেখে বোঝাই যায় না, তিনি এত ধনী একজন লেখক।

এত বড় একটা সিরিজ বছরের পর বছর ধরে লিখে যাওয়া বেশ কঠিন কাজ। তবে কিনি সেই কঠিন কাজকেই নাকি উপভোগ করেন। এক সাক্ষাৎকারে জেফ কিনি বলেন, ‘এটার সঙ্গে এখন অনেকে জড়িত। তাই আমার দায়িত্ব ও দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে লিখে যাচ্ছি, কখনো চাপের মনে হয় না। বরং এটাকেই উপভোগ করছি।’

আগের বইগুলোর মতো নতুন বইও হাস্যরসে ভরা। গল্পের নায়ক গ্রেগ হেফলি এখনো দুষ্টুমি ও অদ্ভুত চিন্তায় ডুবে আছে। সম্প্রতি গার্ডিয়ানকে জেফ কিনি বলেন, তিনি প্রতিবছর নিজেকে প্রশ্ন করেন—কীভাবে আরও ভালো লেখা যায়। তাঁর লক্ষ্য হলো ভালো হাসির গল্প লেখা। তিনি মনে করেন, কার্টুন চরিত্র যেমন অনেক বছর টিকে থাকে, গ্রেগ হেফলিও যেন টিকে থাকতে পারে।

বই ছাড়াও জেফ কিনি উইম্পি কিড–এর সিনেমার চিত্রনাট্য লেখেন। সিনেমায় কাজ করতে গিয়ে গল্পের গঠন আরও ভালোভাবে আয়ত্ত করেছেন। এত কিছুর পরও শিশুদের প্রিয় লেখক কিনি থেমে নেই। নিজের শহরে একটি বইয়ের দোকান খুলেছেন। সেখানেও তিনি সফল। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, এত কিছুর পর শেষ লক্ষ্য কী?

জবাবে জেফ কিনি বলেছিলেন, ‘আমার দুটি লক্ষ্য ছিল, ২০তম বই ও ৩০ কোটি বই বিক্রি। এখন ভাবছি, এরপর কী?’

কিনি অবসর নিতে চান না। তাঁর ভাষ্য, ‘গ্রেগ হেফলি কোনো সাধারণ সাহিত্যিক চরিত্র নয়, সে অনেকটা কার্টুন চরিত্রের মতো। আর কার্টুন চরিত্র অনেক বছর বেঁচে থাকে।’

জেফ কিনি হাসতে হাসতে বলেছিলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান। নতুন বই এলে মানুষকে নতুন করে চিনিয়ে দিতে হয় না। তাই এটা নিয়েই থাকতে চাই।’

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
গ্রন্থনা: রবিউল কমল